১৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্রের, গ্রেপ্তার ব্যক্তিদের অব্যাহতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বেলা সাড়ে ১১টার দিকে বড়বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন করেন এজাহারভুক্ত আসামিদের স্বজন ও তাঁদের সহপাঠীরা
ছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গায় স্কুলছাত্র আবু হোরায়রা (৮) নিখোঁজের ১৫ দিন পার হয়ে গেলেও তার সন্ধান মেলেনি। সন্তানের কোনো খোঁজ না পেয়ে হতাশ তার পরিবার।

এদিকে আবু হোরায়রা নিখোঁজের ঘটনায় তার বাবার করা মামলায় গ্রেপ্তার চুয়াডাঙ্গা সরকারি কলেজের সম্মান (বাংলা বিভাগ) দ্বিতীয় বর্ষের ছাত্র রঞ্জু হক ও তাঁর ভাই মঞ্জু হককে মুক্তি এবং এজাহারভুক্ত আসামিদের অব্যাহতির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বড়বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আবু হোরায়রা গ্রেপ্তার রঞ্জু হকের কাছে প্রাইভেট পড়ত।

আবু হোরায়রা চুয়াডাঙ্গা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের তালতলা গোরস্থানপাড়ার কৃষক আবদুল বারেকের ছেলে ও শহরের ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। গত ১৯ জানুয়ারি বিকেলে রঞ্জু হকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় সে। নিখোঁজের পর থেকে সহপাঠী ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করে কোনো সন্ধান মেলেনি তার। পরে ২৬ জানুয়ারি আবু হোরায়রার বাবা সদর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করলে পুলিশ রঞ্জু হক ও মঞ্জু হককে গ্রেপ্তার করে।

রঞ্জুসহ অন্য পাঁচজনকে হয়রানি করতেই মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করছেন রঞ্জুর পরিবারের সদস্য ও সহপাঠীরা। রঞ্জু ও মঞ্জুর মুক্তি এবং এজাহারভুক্ত আসামিদের অব্যাহতির দাবিতে এজাহারভুক্ত আসামিদের স্বজন ও তাঁদের সহপাঠীরা মানববন্ধন আয়োজন করে এ দাবি জানান। মানববন্ধনে তালতলা গ্রামের বাসিন্দা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে স্থানীয় পৌর কাউন্সিলর ফরজ আলী, গ্রেপ্তার রঞ্জু ও মঞ্জুর মা মহিমা বেগম, বড় বোন বৃষ্টি খাতুন, মামলার অন্য দুই আসামি গোলাম রসুলের মা সেলিনা বেগম ও তন্ময় কুমারের মা স্বপ্না রানী, রঞ্জুর সহপাঠী রুদ্র জোয়ার্দ্দার ও আবদুল্লাহ বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা বলেন, আবু হোরায়রা নিখোঁজের ঘটনায় তাঁরা সবাই ব্যথিত। কিন্তু ভালোভাবে খোঁজ না করে রঞ্জু হকসহ পাঁচজনকে হয়রানি করতেই আসামি করা হয়েছে।

মামলার আসামি তন্ময়ের মা বলেন, তাঁর ছেলে তন্ময় এইচএসসি পরীক্ষার্থী। হয়রানিমূলক মামলার কারণে ছেলেকে নিয়ে পরিবার দুশ্চিন্তায় পড়েছে। মামলার কারণে তাঁর ছেলের এইচএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবু হোরায়রার বড় বোন বাবলী আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কাউকে হয়রানি করতে নয়; আবু হোরায়রা নিখোঁজের ঘটনায় যাঁরা দায়ী, তাঁদেরই আসামি করা হয়েছে। তাঁর ভাই রঞ্জুর কাছে পড়তে গিয়েই নিখোঁজ হয়েছে। প্রাইভেট পড়া সময় শেষ হওয়ার কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও রঞ্জুর বাড়িতে বই–খাতা পড়েছিল। অথচ এ বিষয়ে তাঁদের পরিবারকে কিছু জানানো হয়নি। মামলার আসামিদের নিয়ে গ্রামবাসীও সন্দেহ করছেন বলে তিনি দাবি করেন।

তদন্তের বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, নিয়মিত মামলায় স্কুলছাত্র আবু হোরায়রার ঘটনা নিয়ে ধোঁয়াশা আছে। সুনির্দিষ্ট সূত্র না পাওয়ায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।