১৫টি খননযন্ত্র দিয়ে নদী থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাঘাটা উপজেলার চিনিরপটল এলাকায় পাশাপাশি তিনটি শ্যালো ইঞ্জিন বসিয়ে যমুনা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সেখানে আরও দুটি শ্যালো ইঞ্জিন বসানোর প্রস্তুতি রয়েছে। (ইনসেটে) উত্তোলন করা বালু তীরে ফেলার জন্য নদীর মাঝখান থেকে পাইপ টানা হয়েছে। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো
গাইবান্ধার সাঘাটা উপজেলার চিনিরপটল এলাকায় পাশাপাশি তিনটি শ্যালো ইঞ্জিন বসিয়ে যমুনা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। সেখানে আরও দুটি শ্যালো ইঞ্জিন বসানোর প্রস্তুতি রয়েছে। (ইনসেটে) উত্তোলন করা বালু তীরে ফেলার জন্য নদীর মাঝখান থেকে পাইপ টানা হয়েছে। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো

গাইবান্ধার সাঘাটা উপজেলার চিনিরপটল, সাথালিয়া, হলদিয়া ও বেড়াগ্রাম এলাকায় শ্যালো ইঞ্জিন বসিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ফলে ১৩৫ কোটি টাকা ব্যয়ে নদীশাসন প্রকল্প ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাইবান্ধা কার্যালয় সূত্র জানায়, ২০১১ সালে যমুনা নদীর ভাঙন রোধে নদীর তীর সংরক্ষণে ১৩৫ কোটি টাকা ব্যয়ে সাঘাটা বাজার ও সংলগ্ন এলাকা রক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়। প্রথমে জিও ব্যাগ এবং পরে সিসি ব্লক ফেলে তীর সংরক্ষণের কাজকরা হয়। কাজ শেষ হয় ২০১৬ সালের জুন মাসে।

গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, চিনিরপটল এলাকায় যমুনা নদীর তীর ঘেঁষে পাশাপাশি তিনটি শ্যালো ইঞ্জিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পাশে আরও দুটি শ্যালো ইঞ্জিন বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। শ্যালো ইঞ্জিনের মাধ্যমে বালু তুলে তা পাইপের সাহায্যে নদীর তীরে ফেলে স্তূপ করে রাখা হচ্ছে। সেখান থেকে বালু কিনে ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকার বালু ব্যবসায়ীরা। সাথালিয়া, হলদিয়া ও বেড়াগ্রামেও একই রকম চিত্র।

এলাকাবাসী অভিযোগ করেন, কয়েক মাস ধরে ওই চারটি এলাকায় নদীতে প্রায় ১৫টি শ্যালো ইঞ্জিন বসিয়ে বালু উত্তোলন চলছে। প্রতি ট্রাক্টর বালু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০০ টাকা। প্রতিদিন অন্তত একেকটি এলাকা থেকে ৭০ থেকে ৮০ ট্রাক্টর বালু উত্তোলন করা হয়। সাঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহুরুল ইসলাম ও তাঁর লোকজন এই বালু উত্তোলন করে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। জানতে চাইলে বালু উত্তোলনকারী জহুরুল ইসলাম বলেন, কাউকে হুমকি, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঠিক নয়। প্রশাসনসহ সবাইকে ম্যানেজ করেই বালু তোলা হচ্ছে।

চিনিরপটল গ্রামের ব্যবসায়ী আজাহার মিয়া (৫৫) বলেন, দীর্ঘদিনের আন্দোলনের কারণে সাঘাটা বাজার রক্ষা প্রকল্প বাস্তবায়িত হয়। প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় গত দুই বছর থেকে এখানে নদীভাঙন বন্ধ রয়েছে। কিন্তু বালু উত্তোলন করায় প্রকল্পটি হুমকির মুখে পড়েছে। একই গ্রামের জাকির মিয়া (৪৫) বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। স্থানীয় লোকজন বাধা দিলে তাদের ভয় দেখানো ও হুমকি দেওয়া হচ্ছে।

সাঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বলেন, ভাঙন রোধে নদীর তীরে ১৩৫ কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে তীর সংরক্ষণ করা হয়। এরপর থেকে এলাকাবাসী সুফল পাচ্ছে। কিন্তু যেভাবে বালু উত্তোলন চলছে তাতে অল্পদিনের মধ্যে প্রকল্পের লক্ষ্য ভেস্তে যাবে। এ ছাড়া আশপাশের অনেক গ্রাম বিলীন হবে। বিষয়টি উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও কাজ হয়নি। গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক ওয়াজিউর রহমান বলেন, ভূগর্ভ থেকে বালু উত্তোলনের কারণে ভূমিধস হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার ঘোষ বলেন, ‘বালু উত্তোলনের অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা গ্রহণে পুলিশকে বলা হয়েছে।’

এ প্রসঙ্গে গাইবান্ধা পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী চন্দ্র শেখর বলেন, এ বিষয়ে সাঘাটা থানায় একটি জিডি করা হয়েছে। কিন্তু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।