রংপুরের হাঁড়িভাঙা
১৫০ কোটি টাকা বিক্রির আশা
এ বছর ১৫০ কোটি টাকারও বেশি আম বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। জেলায় আমের চাষ হয়েছে ১ হাজার ৮৮৭ হেক্টরে।
আবহাওয়া অনুকূলে থাকায় রংপুরে হাঁড়িভাঙা আমের ফলন ও বিক্রি দুটিই বেশ ভালো হয়েছে। চাষিদের মুখে হাসি ফুটেছে। ব্যবসায়ীরাও সন্তুষ্টির কথা জানিয়েছেন।
রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে হাঁড়িভাঙা আমের বিরাট বাজার বসেছে। গতকাল সোমবার এ বাজারে গিয়ে কথা হয় ব্যবসায়ীদের সঙ্গে। জানা যায়, ১৫ জুন থেকে আম পাড়ার মৌসুম শুরু হয়েছে। আঁশবিহীন মিষ্টি স্বাদের হাঁড়িভাঙা আমের এ বাজারে গত বছরের থেকে দ্বিগুণ ব্যবসায়ী ও চাষি আমের দোকান দিয়েছেন। এ বছর এখানে আছে চার শর বেশি দোকান। গত বছর দোকান ছিল ১৯০টি।
আমচাষি ফুল মিয়া এ বছর ৩০০ গাছের আম কিনেছেন ২ লাখ ৫০ হাজার টাকায়। আমের ফলন ও চাহিদা ভালো হওয়ায় তাঁর মুখে হাসি ফুটেছে। তিনি বলেন, আমের সাইজ ভালো হয়েছে। চাহিদাও বেশ। ফলন দেখে মনে হচ্ছে ৩০০ গাছের আম প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হতে পারে।
কৃষি সম্প্রসারণ বিভাগ ও চাষিরা জানিয়েছেন, মৌসুমের শুরুতে কয়েক দফা ঝড় ও শিলাবৃষ্টির পরও হেক্টরপ্রতি ১৩ থেকে ১৫ মেট্রিক টন আম উৎপাদন হতে পারে। কোনো কোনো বাগানে এরও বেশি আম পাওয়ার সম্ভাবনা আছে। এতে করে দেড় শ কোটি টাকারও বেশি বেচাবিক্রি হতে পারে।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ, রানীপুকুর, বলদিপুকুর, পদাগঞ্জসহ আশপাশের এলাকায় প্রতিবছরের মতো এ বছরও হাঁড়িভাঙা আমের চাষ হয়েছে। ব্যক্তিগত ও বাণিজ্যিক ভিত্তিতে গড়ে উঠেছে আমবাগান।
মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ এলাকার আমচাষি তোজাম্মেল হোসেনের নিজের জমিতে ২৫০টি আমগাছের বাগান আছে। এসব গাছে আমের ফলনও ভালো হয়েছে। তোজাম্মেল হোসেন বলেন, ‘প্রথম দিকে ঝড়বৃষ্টি হওয়ায় মন ভেঙে পড়ে। কিন্তু মৌসুমের শেষে এসে দেখা যাচ্ছে আমের ফলন ভালো। সাড়ে তিন লাখ টাকার ওপর আম বিক্রি হতে পারে।’
হাঁড়িভাঙা আমের জন্য প্রসিদ্ধ এলাকা হলো পদাগঞ্জ। স্থানীয় বাজার ছাড়াও রংপুরের বাস টার্মিনালের পাশে এবার অনেক বড় বড় বাজার বসেছে। দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা এখানে সরাসারি এসে আম কিনছেন। সেই সঙ্গে গ্রাম ও শহরের মানুষজনও এখানে আম কিনতে ছুটে আসেন। ইতিমধ্যে বাজারে বেচাবিক্রির রমরমা অবস্থা। আম প্রকারভেদে ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।
গতকাল পদাগঞ্জ বাজারে নানা শ্রেণি–পেশার মানুষজনকে আম কিনতে দেখা যায়। রোকেয়া সুলতনা নামের একজন ব্যাংক কর্মকর্তা বলেন, ‘প্রতিবছরই আম কিনতে আসি। কিন্তু এবার দোকানও বেশি। ক্রেতাও অনেক। আমি আজ আটটি ক্যারেটে আধা মণ করে চার মণ আম কিনেছি। মাঝারি ধরনের আম ২ হাজার টাকা মন। এসব আম ঢাকায় আত্মীয়স্বজনদের পাঠাব।’
আমচাষি, ব্যবসায়ী ও কৃষি সম্প্রাসারণ বিভাগের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি আমের ওজন ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত। এ বছর ১৫০ কোটি টাকারও বেশি আম বিক্রির আশা করা হচ্ছে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান বলেন, যেভাবে আমের ফলন হয়েছে তাতে হেক্টর প্রতি ১৩-১৪ মেট্রিক টন আম পাওয়া যাবে। উৎপাদিত এ আম দেড় শ কোটি টাকারও বেশিতে বিক্রির সম্ভাবনা আছে।
ওবায়দুর রহমান বলেন, এ বছর জেলায় ১ হাজার ৮৮৭ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। গত বছর ২ হাজার ৫০০ হেক্টর জমিতে চাষ হয়েছিল। সরকার নির্ধারিত জুনের মাঝামাঝি সময়ের আগে আম বাজারজাত না করায় আম পরিপক্কও হয়েছে।