১৫০ পরিবার উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খুলশীতে ঝরনা পাহাড়ের পাদদেশে ঘর তুলে বসবাস করা দেড় শ পরিবারকে উচ্ছেদ করেছে রেলওয়ে। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল বুধবার সকালে এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (পূর্বাঞ্চল) মোহাম্মদ জসিমউদ্দিন।
তবে উচ্ছেদ হওয়া কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, কোনো ধরনের নোটিশ না দিয়ে হঠাৎ করে তাঁদের উচ্ছেদ করা হয়েছে। নুরুল আমিন, নাজিম, ফজলুসহ একাধিক বাসিন্দা জানান, কেউ ২০ বছর, কেউ দুই বছর, কেউবা বছর খানেক আগে এখানে ঘর নির্মাণ করেছেন। এখন তাঁদের কোথাও যাওয়ার জায়গা নেই।
রেলওয়ের মাস্টার লেন কলোনির পাশে ও ঝরনা পাহাড়ের পাদদেশে দুই যুগ আগে এই বসতি গড়ে তোলা হয়। মূলত দিনমজুর ও নিম্ন আয়ের লোকজন এখানে বসবাস করে আসছে।
মোহাম্মদ জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, যেকোনো মুহূর্তে পাহাড়ধসে এখানে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চট্টগ্রামের পাহাড় ব্যবস্থাপনা কমিটি ঝরনা পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়ার সুপারিশ করেছে।
রাকিব হাসান বলেন, বাসিন্দাদের রেলওয়ের জায়গা ছেড়ে দিতে চার দফা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা কেউ স্বেচ্ছায় জায়গা ছেড়ে দেয়নি। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
নালা থেকে স্থাপনা উচ্ছেদ: চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের কাপাসগোলা এলাকায় নালার ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। গতকাল সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধভাবে নালা দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে।