১৫০ মিটার যেতে ঘুরতে হয় দুই কিলোমিটার

বুড়িগঙ্গা প্রথম সেতুর নিচ থেকে হাসনাবাদ পোর্ট ও হাসনাবাদ কন্টেইনার সড়ক এলাকা পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত রয়েছে। ফলে এ সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় ১৫০ মিটার সড়কের স্থলে হাসনাবাদ থেকে তেঘরিয়া এলাকা হয়ে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে পোস্তগোলা সেতুতে আসতে হয়।

ঢাকার কেরানীগঞ্জে হাসনাবাদ পোর্ট সড়কে গর্ত সৃষ্টি হয়ে পানি জমে থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করছে। গতকাল দুপুরে সড়কের হাসনাবাদে।প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ কন্টেইনার পোর্ট সড়কের প্রায় ১৫০ মিটারের তিনটি জায়গায় ছোট–বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলোতে পানি জমে থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করছে।
ওই সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার বাসিন্দাসহ যানবাহনের চালকেরা। এ সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় ১৫০ মিটার সড়কের স্থলে হাসনাবাদ থেকে তেঘরিয়া এলাকা হয়ে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে পোস্তগোলা সেতুতে আসতে হয়।

গতকাল বুধবার দুপুরে হাসনাবাদ কন্টেইনার পোর্ট এলাকায় গিয়ে দেখা যায়, হাসনাবাদ জেনারেল হাসপাতাল এলাকা থেকে বুড়িগঙ্গা প্রথম সেতুর নিচ পর্যন্ত প্রায় ১৫০ মিটার সড়কের কিছু অংশে ছোট–বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ায় গর্তগুলোতে পানি জমে থাকায় সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করছে। হাসনাবাদ কন্টেইনার পোর্ট এলাকায় সড়ক কাদাপানিতে সয়লাব এবং ছোট–বড় খানাখন্দ থাকায় থেমে থেমে যানবাহন চলাচল করছে।  
হাসনাবাদ পোর্ট সড়ক এলাকার বাসিন্দা কলিম উদ্দিন জানান, ‘বছরখানেক ধরে সড়ক এমন বেহাল। এ পর্যন্ত সড়কটি সংস্কার করা হয়নি। ফলে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। ভাঙা সড়কে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখানে প্রতিদিনই পাঁচ–সাতটি দুর্ঘটনা ঘটতে দেখি। বেশির ভাগ দুর্ঘটনা অটোরিকশার সঙ্গে ঘটে। এ ছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টি হলে এ সড়ক চলাচলের উপযোগী থাকে না। স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকাবাসীর ভোগান্তি দেখেও সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছেন না। সরকারের কাছে অনুরোধ, আমাদের চলাচলের স্বার্থে এ সড়ক সংস্কার করা হোক।’

পিকআপ ভ্যানের চালক সেলিম মিয়া জানান, বুড়িগঙ্গা প্রথম সেতুর নিচ থেকে হাসনাবাদ পোর্ট ও হাসনাবাদ কন্টেইনার সড়ক এলাকা পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত রয়েছে। এ ভাঙাচোরা সড়কে গাড়ি চালালে প্রায় সময় গাড়ির যন্ত্রপাতি ভেঙে যায়। কয়েক মাস ধরে সড়কে গর্তের সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টি হলে সেখানে পানি জমে থাকে। ফলে ১৫০ মিটার সড়কের পরিবর্তে হাসনাবাদ থেকে তেঘরিয়া এলাকা হয়ে প্রায় দুই কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিয়ে পোস্তগোলা সেতুতে আসতে হয়। এতে জ্বালানির খরচ বেড়ে যাচ্ছে।
হাসনাবাদ এলাকার অটোরিকশার চালক সামাদ মিয়া বলেন, ‘আমাদের বাধ্য হয়ে যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় এ সড়ক দিয়ে চলাচল করতে হয়। প্রায় প্রতিদিনই এই তিন জায়গার সড়কে অটোরিকশার দুর্ঘটনা ঘটে। কয়েক দিন আগে গর্তের মধ্যে চাকা আটকে যাওয়ায় অটোরিকশাটি উল্টে যায়। এ সময় অটোরিকশার ভেতরে থাকা যাত্রী পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। তাই জনগণ ও চালকদের চলাচলের স্বার্থে সরকারের এ সড়ক শিগগিরই সংস্কার করা উচিত।’

আমাদের বাধ্য হয়ে যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় এ সড়ক দিয়ে চলাচল করতে হয়। প্রায় প্রতিদিনই এই তিন জায়গার সড়কে অটোরিকশার দুর্ঘটনা ঘটে। কয়েক দিন আগে গর্তের মধ্যে চাকা আটকে যাওয়ায় অটোরিকশাটি উল্টে যায়।
সামাদ মিয়া, অটোরিকশাচালক, হাসনাবাদ এলাকা, কেরানীগঞ্জ

আইন্তা এলাকার অপর অটোরিকশাচালক মিলন হোসেন জানান, ‘আমি হাসনাবাদ-পোস্তগোলা রুটে অটোরিকশা চালাই। হাসনাবাদ জেনারেল হাসপাতালের কাছ থেকে হাসনাবাদ মোকামপাড়া এলাকা পর্যন্ত তিন জায়গায় সড়কে ছোট–বড় অসংখ্য গর্ত রয়েছে। এ রুটে অটোরিকশা চালালে প্রায় সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এতে যাত্রী ও গাড়ি—দুটিই ক্ষতিগ্রস্ত হয়। তাই এ রুট দিয়ে অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছি। এখন ভাঙাচোরা তিনটি জায়গা এড়িয়ে হাসনাবাদ বেড়িবাঁধ এলাকা দিয়ে অটোরিকশা চালাচ্ছি।’

সওজ ঢাকা বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোমেন বলেন, ‘ইতিমধ্যে সড়কগুলো সংস্কার ও ঢাকা-মাওয়া মহাসড়কের আদলে টেকসইকরণের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি যতটুকু জেনেছি, সেনাবাহিনী সড়কটি সংস্কার ও নির্মাণ করবে। শিগগিরই সড়কগুলো সংস্কার ও নির্মাণের কাজ শুরু হবে।’