১৬ বছরে ১৭টি বিভাগ, নেই অবকাঠামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণিকক্ষ, পাঠাগার ও গবেষণাগারের সুবিধা ছাড়াই গত ১৬ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭টি নতুন বিভাগ চালু হয়েছে। অবকাঠামো সমস্যার কারণে কয়েকটি বিভাগে এক ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস হলে অন্য ব্যাচের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।

২০১৫ সালে চালু হয় সংগীত বিভাগ। গত শিক্ষাবর্ষে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়। মাত্র একটি শ্রেণিকক্ষ ও একটি অফিসকক্ষ নিয়ে চলছে বিভাগটি। চলতি শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। তাঁরা কোথায় ক্লাস করবেন, তা এখনো ঠিক হয়নি। বিভাগটিতে শিক্ষক রয়েছেন চারজন।

সংগীত বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ধরনের সুযোগ-সুবিধা থাকার কথা, তার কিছুই আমরা পাচ্ছি না।’

একই বছর চালু হওয়া ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে গত বছর ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এ বছর দ্বিতীয় ব্যাচে ৩৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এখানেও পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান এখন ইউজিসির চেয়ারম্যান। তাঁর সময়ে পাঁচটি বিভাগ খোলা হয়। জানতে চাইলে আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, তখন বিভাগ খোলার জন্য জায়গা ছিল না, এটা সত্য। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ খোলা হয় ঠিকাদারের পরিত্যক্ত ছাউনিতে। নৃতত্ত্ব বিভাগ খোলা হয় জাদুঘরের একটি অংশে। কিন্তু এখন সেসব বিভাগের জন্য আস্ত ভবন হয়ে গেছে।

২০১৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু করা হয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, সংস্কৃত বিভাগ ও পালি বিভাগ। মানবসম্পদ ব্যবস্থাপনা আর ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের তিনটি করে কক্ষ রয়েছে। এ বছর নতুন করে আরও শিক্ষার্থী ভর্তি হচ্ছেন। তাঁদের ক্লাসরুম এখনো নির্ধারিত হয়নি। পালি ও সংস্কৃত বিভাগ দুটির একটি করে বড় শ্রেণিকক্ষ ও দুটি করে ছোট কক্ষ রয়েছে। এই চারটি বিভাগের সাতজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁরা বলেন, ‘আমাদের পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। এক ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস হলে অন্য ব্যাচের শিক্ষার্থীদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। আর পাঠাগার ও গবেষণাগারের সুবিধা থেকে তো আমরা বঞ্চিতই আছি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘একটি বিভাগ প্রতিষ্ঠার আগে যে পরিমাণ প্রস্তুতি দরকার, তা গ্রহণ না করেই বিভাগগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। ফলে বিভিন্ন সমস্যা হচ্ছে। তবে আমরা বিভাগগুলোর সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছি।’

২০০১ সাল থেকে চালু হওয়া বিভাগগুলো হচ্ছে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, সংগীত বিভাগ, পালি বিভাগ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, আরবি বিভাগ, ইসলামিক স্টাডিজ বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, চারুকলা ইনস্টিটিউট, সংস্কৃত বিভাগ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ফলিত ও পরিবেশ রসায়ন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, ফার্মেসি বিভাগ, ফলিত পদার্থ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ।