১৬ বছরেও সম্মানী ভাতা পাননি ১২ কাউন্সিলর

আরও আটজন কাউন্সিলর পাঁচ বছরের ভাতা পাননি। পৌরসভায় মোট বকেয়া ভাতার পরিমাণ ১৯ লাখ টাকা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর কারও নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে ২০১০ সালে, কারও ২০২০ সালে। নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার এমন ২০ জন কাউন্সিলর এখনো তাঁদের সম্মানী ভাতা পাননি। ২০ জন মিলিয়ে বকেয়া ভাতার পরিমাণ ১৯ লাখ।

ভাতাবঞ্চিতরা অভিযোগ তুলেছেন, মেয়রদের গাফিলতির কারণে তাঁদের ভাতা মিলছে না। এ নিয়ে তাঁরা সম্প্রতি স্থানীয় সরকারমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন।

গোপালপুর পৌরসভা সূত্রে জানা যায়, ২০০৫ সালে পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হন ১ নম্বর ওয়ার্ডে আবদুল বারি, ২ নম্বর ওয়ার্ডে নাজির হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে শাহাবাজ আলী, ৪ নম্বর ওয়ার্ডে সেলিম রেজা, ৫ নম্বর ওয়ার্ডে আবুল কালাম, ৬ নম্বর ওয়ার্ডে বিমলেন্দু কর, ৭ নম্বর ওয়ার্ডে গোলজার হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে আবদুল কুদ্দুস মালিথা ও ৯ নম্বর ওয়ার্ডে আনিসুজ্জামান। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডে নাজমা বেগম, রশিদা খানম ও তহমিনা বেগম নির্বাচিত হন। এই মেয়াদে তাঁদের মাসিক সম্মানী ভাতা ছিল তিন হাজার টাকা করে। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এই ভাতা পরিশোধ করার কথা থাকলেও মেয়াদ শেষে তাঁদের ভাতা মোট বকেয়া পড়ে ৫ লাখ ৬৪ হাজার টাকা। গত ১৬ বছরেও তা পরিশোধ করা হয়নি।

এর মধ্যে ৪ জন ২০১৫ সালেও কাউন্সিলর নির্বাচিত হন। বাকি আটজনও এই বছরের নির্বাচনে জয়ী হন। বকেয়া সম্মানী ভাতার জন্য কাউন্সিলররা বারবার দায়িত্বরত মেয়রদের কাছে ধরনা দিয়েও পাওনা পাননি। তাঁরা বলছেন, মেয়ররা একে অপরের ওপর দোষ চাপিয়ে দায় এড়িয়ে গেছেন। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর তাঁরা বকেয়া ভাতার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন।

৪ নম্বর ওয়ার্ডে দুইবার (২০০৫, ২০১৫) কাউন্সিলর নির্বাচিত হন সেলিম রেজা। তিনি বলেন, প্রাপ্য সামান্য সম্মানী ভাতা মেয়ররা নিয়মিত পরিশোধ করেননি। তাঁর দুই মেয়াদে মেয়রদের গাফিলতির কারণে ১৬ বছর ধরে ভাতাবঞ্চিত।

এ ছাড়া সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রশিদা খানম বলেন, তাঁর আর্থিক অবস্থা ভালো না। তাঁর প্রায় ১ লাখ ২২ হাজার টাকার ভাতা বকেয়া আছে। সরকার ২০১৫ সালে সম্মানী ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করেছে। কিন্তু মেয়ররা এই টাকা পরিশোধ না করায় তিনি সুবিধাভোগ করতে পারছেন না।

দুই মেয়াদে নির্বাচিত গোপালপুর পৌরসভার মেয়র মঞ্জুরুল ইসলাম বলেন, এটা মফস্বলের একটি পৌরসভা। এখানে রাজস্ব কম। তাই তহবিলের সংকটের কারণে কখনো কখনো সম্মানী ভাতা বকেয়া পড়তে পারে।

আর বর্তমান মেয়র রোখসানা মোর্তুজা বলেন, আট মাস হলে তিনি দায়িত্ব নিয়েছেন। তাই আগের মেয়াদের বিপুল পরিমাণ ভাতার টাকা পরিশোধ করা তাঁর জন্য একটি বড় সমস্যা। ইতিমধ্যে এক মাসের বকেয়া পরিশোধ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি মাসের অর্থও পরিশোধের চেষ্টা করা হবে।