১৬ লঞ্চে মাদারীপুরে যাচ্ছেন ভোলা আ.লীগের ২৫ হাজার নেতা-কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভোলার বিভিন্ন উপজেলা থেকে ১৬টি লঞ্চে প্রায় ২৫ হাজার নেতা–কর্মী মাদারীপুরে যাচ্ছেন। আজ লালমোহন উপজেলার নাজিরপুর লঞ্চঘাটে
ছবি: প্রথম আলো

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভোলার বিভিন্ন উপজেলা থেকে ১৬টি লঞ্চে মাদারীপুরের শিবচরে যাচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ২৫ হাজার নেতা-কর্মী। আজ শুক্রবার বিকেলে ও রাতে জেলার বিভিন্ন লঞ্চঘাট থেকে তাঁদের লঞ্চে ওঠার কথা। প্রধানমন্ত্রীর জনসভা শেষে তাঁরা ওই লঞ্চেই ভোলায় ফিরবেন। লঞ্চেই নেতা-কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের ওরফে মজনু এসব তথ্য জানান।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস প্রথম আলোকে বলেন, সদর উপজেলা থেকে কর্ণফুলী-১০, ১১ ও বালিয়া নামের তিনটি লঞ্চে মোট পাঁচ হাজার নেতা-কর্মী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। লঞ্চ তিনটি সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে রাত আটটায় ছাড়বে।

দৌলতখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবু বলেন, দৌলতখান উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট থেকে রাত ১০টায় উপজেলার দুই হাজার নেতা-কর্মী নিয়ে এমভি ফারহান-৪ লঞ্চ ছেড়ে যাবে। বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, বোরহানউদ্দিন লঞ্চঘাট থেকে এমভি সালাউদ্দিন তিন হাজার যাত্রী নিয়ে রাত আটটায় ছেড়ে যাবে।

ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা থেকে ছয়টি লঞ্চে ১০ হাজার নেতা-কর্মী যাবেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে। লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী ওরফে শাওনের নেতৃত্বে আজ রাত আটটায় রওনা দেবে। তিনি বলেন, ‘আমার নেত্রী আমার অহংকার’ স্লোগান-সংবলিত লাল-সবুজের ক্যাপ ও প্ল্যাকার্ড নিয়ে নেতা-কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

সংসদ সদস্য আরও বলেন, লালমোহন উপজেলার নাজিরপুর লঞ্চঘাট থেকে পাঁচটি (কর্ণফুলী-৫, এমভি গ্লোরি অব শ্রীনগর-৭ ও ৮, এমভি অথৈ-১ ও এমভি শাহরুখ-১) লঞ্চ ছেড়ে যাবে। এ ছাড়া তজুমদ্দিন উপজেলার চৌমুহনী লঞ্চঘাট থেকে এমভি তাসরিফ-৩ নামের লঞ্চটি রাত আটটায় ছাড়বে। লঞ্চগুলো মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালিয়া ইলিয়াস চৌধুরী লঞ্চঘাটে গিয়ে অবস্থান নেবে। পাঁচটি লঞ্চে প্রায় ১২ হাজার মানুষের থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে।

চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবুল হাসেম মহাজন বলেন, চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে তাসরিফ-৪ ও কর্ণফুলী-১৩ এবং ঘোষেরহাট লঞ্চঘাট থেকে কর্ণফুলী-৯ নামের তিনটি লঞ্চে পাঁচ হাজার নেতা-কর্মী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মাদারীপুরে যাবেন।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন ওরফে বিপ্লব প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন। উদ্বোধনস্থলে যাওয়ার জন্য জেলার নেতা-কর্মীদের সব ব্যবস্থা করা হয়েছে। লঞ্চগুলোতে আতশবাজি ফোটানোসহ বিভিন্ন ধরনের আনন্দ-উৎসব ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। লঞ্চগুলো সাজানো হয়েছে। কর্মীদের ক্যাপ ও টি-শার্ট দেওয়া হয়েছে।