১৭ ছাত্রলীগ কর্মীসহ ২২ শিক্ষার্থী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৭ জন কর্মীসহ ২২ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসঙ্গে এতজনকে বহিষ্কারের ঘটনা এই প্রথম।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য, কলা ও আইন অনুষদের ডিন, এফ রহমান ও আবদুর রব ছাত্রাবাসের প্রাধ্যক্ষ ও প্রক্টর, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও ফলিত রসায়ন বিভাগের দুই সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।’
বৈঠক সূত্র জানায়, লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটানো ও অশোভন আচরণের মাধ্যমে তাঁর মানহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল ফারুককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একইভাবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ছাত্রীর মানহানি করায় ওই বিভাগের ফরহাদ হাসান নামের এক শিক্ষার্থীকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
চলতি বছরের ২৩ মার্চ পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে পরীক্ষার হলে তালা ঝোলান ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেলিম রেজা, তাজুল ইসলাম, কাওসার আলম ও সুমিত সেনকে তিন মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এঁরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষকের কাছ থেকে হাজিরা খাতা কেড়ে নেওয়ায় ওই বিভাগের শিক্ষার্থী মো. ফখরুল ইসলামকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুজন বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে লাঞ্ছিত ও মারধরের দায়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পার্থপ্রতিম দাশগুপ্তকে দুই মাসের জন্য, ইতিহাস বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এঁরা দুজনই ছাত্রলীগের কর্মী।
২১ আগস্ট পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ছাত্রলীগের একাংশের হামলার শিকার হন পুলিশের সদস্যরা। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহসান হাবিব ও নাসির উদ্দিন আহমেদকে ছয় মাসের জন্য এবং নিয়াজ উদ্দিন ও আনিসুর রহমানকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
ইংরেজি বিভাগের শুভ নামের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলমকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রাণিবিদ্যা বিভাগের একাডেমিক কমিটির অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বিভাগে পড়ুয়া আবদুল জব্বার ও ওবায়দুর রহমান নামের ছাত্রলীগের দুই কর্মীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রশান্ত চাকমার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারুকলা ইনস্টিটিউটে পড়ুয়া আনোয়ার হোসেনকে দুই মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত ১০ জুন সকালে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস ও কনকর্ডের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই ঘটনায় ওই দিন বিকেলেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। ওই দিনের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ইতিহাস বিভাগের তৌহিদুল ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নাইম উদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. সাকিব ও ব্যবস্থাপনা বিভাগের আবু আহাদকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস ও একাকার কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় দুজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এঁরা হচ্ছেন হিসাববিজ্ঞান বিভাগের রাজু মুন্সী ও লোকপ্রশাসন বিভাগের সাইদুল ইসলাম।