‘১৭ বছর ধরে শরীরে স্প্লিন্টার নিয়ে বেঁচে আছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলতাফ হোসেন

‘আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যে ট্রাকে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন, আমি সে ট্রাকের পেছনে ডালা ধরে দাঁড়িয়ে ছিলাম। আপার বক্তব্যের একপর্যায়ে হঠাৎ প্রকট বিস্ফোরণের শব্দ পাই। এ সময় দৌড়ে সেখান থেকে কিছু দূর যাওয়ার পর মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আবারও গ্রেনেড বিস্ফোরিত হলে সেই শব্দে জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর দেখি আমি রক্তাক্ত অবস্থায় রাস্তার এক পাশে পড়ে আছি।

‘কে বা কারা আমাকে উদ্ধার করে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় দরজির দোকানে নিয়ে যায়। পরে সেখান থেকে আমিসহ আহত চার-পাঁচজনকে চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিল ভাইয়ের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

এসব কথা বলেন ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাক্ষী আলতাফ হোসেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

আলতাফ হোসেন বলেন, ‘২০০৪ সালে যখন গ্রেনেড হামলায় আহত হই, তখন আমি ঢাকা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি। হামলায় আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাই। সেখানে লোকজন বলাবলি করতে লাগল বিএনপির লোকজন এখানে আক্রমণ করতে পারে। পরে সেখান থেকে আমাকে পুরান ঢাকার মিটফোর্ড এলাকার আরাফাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হলে পরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা নিতে যাই। সেখানে আমার দুই পায়ের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারে আমার দুই পা থেকে কিছু স্প্লিন্টার বের করা হয়। বাকি স্প্লিন্টারগুলো হাড়ের সঙ্গে লেগে যাওয়ায় সেগুলো বের করা সম্ভব হয়নি। সেখান থেকে দেশে ফিরে নিয়মিত থেরাপি নিতে বলা হয়েছিল। কিন্তু অর্থের অভাবে নিয়মিত থেরাপি নেওয়া হয়নি।’

আলতাফ হোসেন বলেন, এখনো আমার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য স্প্লিন্টার রয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে শরীরে এসব স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছি। ২১ আগস্ট গ্রেনেড হামলার আমি প্রত্যক্ষ সাক্ষী ছিলাম। বহুল আলোচিত এই মামলার রায় হয়েছে। এ মামলার আসামিদের বিরুদ্ধে রায় দ্রুত কার্যকর করা হোক, এটাই চাওয়া।’

আলতাফ হোসেন আরও বলেন, ‘আল্লাহ চেয়েছেন, তাই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বেঁচে গিয়েছিলেন। আমিও শরীরে স্প্লিন্টার বহন করে বেঁচে আছি। কিন্তু কেউ এখন আমাদের খোঁজ নেয় না। দুই পায়ে অস্ত্রোপচার করায় আজও হাঁটতে-চলতে কষ্ট হয়। কিন্তু আফসোস, আমাদের মূল্যায়ন হয় না। আমরা টাকাপয়সা চাই না। দল আমাদের খোঁজখবর রাখুক, এতটুকুই আমাদের চাওয়া। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হওয়ার পর একে একে পেরিয়ে গেছে ১৭ বছর। দীর্ঘ এ সময়ে দল একটানা তিনবার ক্ষমতায় থাকলেও কেউ খোঁজখবর নেয়নি। আমি সাংসদ বা উপজেলা চেয়ারম্যান হতে চাই না। আমি শুধু চাই আমার যেন দলে একটি পদ থাকে। যত দিন বেঁচে থাকব, দলের স্বার্থে কাজ করে যেতে চাই।’