১৭ বছর পর পারিশ্রমিক পেলেন সৌদিফেরত নারী
২০০৫ সালে সৌদি আরবে যান মালা আক্তার (৪৫)। সেখানে এক ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ নেন। ওই ব্যক্তি তাঁকে পারিশ্রমিক দিতেন না। নানাভাবে নির্যাতন করতেন। দেশেও আসতে দিতেন না তাঁকে। এভাবে ১৭ বছর পার হওয়ার পর ওই গৃহকর্তা মালাকে দেশে আসতে দেন। তিন মাস আগে তিনি দেশে ফেরেন। ফেরার সময় পারিশ্রমিকের এক টাকাও দেওয়া হয়নি তাঁকে।
দেশে এসে মালা উপজেলা প্রশাসনের দ্বারস্থ হন। তিনি সহকারী কমিশনার ভূমিকে (এসি ল্যান্ড) ঘটনা জানান। ওই এসি ল্যান্ড সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে মালার পারিশ্রমিকের ব্যাপারে যোগাযোগ করেন। ওই কর্মকর্তা মালার সেখানকার গৃহকর্তার সঙ্গে যোগাযোগ করে টাকা আদায় করেন। গতকাল মঙ্গলবার মালার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ৮০ হাজার সৌদি রিয়াল জমা হয়। ১৯ লাখের বেশি টাকার স্লিপ গতকাল সন্ধ্যায় মালার হাতে তুলে দেন ওই সহকারী কমিশনার।
মালা আক্তারের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের তালতলী গ্রামে। ওই গ্রামের মৃত আবদুর রাজ্জাকের মেয়ে তিনি। মালা অবিবাহিত। তাঁর ভাই খোকন সরকার বলেন, ১৭ বছর বিদেশে কাজ করে পারিশ্রমিক না পেয়ে তাঁর বোন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। টাকা পাওয়াতে তাঁর মনে স্বস্তি এসেছে এখন।
মতলব উত্তর উপজেলার এসি ল্যান্ডের ফোন পেয়ে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের আইন কর্মকর্তা সোহেল আহম্মেদ মালা আক্তারের রিয়াদের গৃহকর্তার সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কাছ থেকে ৮০ হাজার রিয়াল আদায় করেন এবং টাকাগুলো ওই নারীর অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দেন।
এসি ল্যান্ডের কার্যালয়, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সচ্ছল জীবন পেতে ধারদেনা করে ২০০৫ সালের শুরুতে চাকরির স্বপ্ন নিয়ে ফ্রি ভিসায় ওই নারী সৌদি আরবে যান। সেখানে অন্য কোনো চাকরি না পেয়ে শেষে সৌদির রাজধানী রিয়াদে আবদুর রহমান নামের এক ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ নেন তিনি। অক্লান্ত শ্রম দিলেও মাসের শেষে তাঁকে ওই ব্যক্তি পারিশ্রমিকের টাকা দিতেন না। শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। দেশেও আসতে দিতেন না। এভাবে কেটে যায় ১৭ বছর। অনেক চেষ্টার পর গত মার্চে অবশেষে খালি হাতে দেশে ফেরেন ওই নারী। আসার সময় ওই গৃহকর্তা তাঁকে ৮০ হাজার সৌদি রিয়াল পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
দেশে এসে ওই নারী তাঁর ওই গৃহকর্তাকে বহুবার টাকার জন্য ফোন করলেও কাজ হয়নি। অগত্যা তিনি ঘটনাটি এসি ল্যান্ডকে জানালে তিনি সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আইন কর্মকর্তা সোহেল আহম্মেদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। ওই আইন কর্মকর্তা রিয়াদের গৃহকর্তার সঙ্গে যোগাযোগ করে তাঁর কাছ থেকে ৮০ হাজার রিয়াল আদায় করেন এবং টাকাগুলো ওই নারীর অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দেন। এসি ল্যান্ডকেও ফোন করে টাকা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
এসি ল্যান্ড মো. হেদায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল ওই নারীর স্থানীয় সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে রেমিট্যান্স বোনাসসহ ১৯ লাখের বেশি টাকা জমা হয়। খবর দিয়ে তাঁকে গতকাল বিকেলে তাঁর কার্যালয়ে আনেন এবং জমা টাকার স্লিপ তাঁর হাতে তুলে দেন। তিনি আরও বলেন, ওই নারীর তাঁর শ্রমের টাকা ফিরে পেয়েছেন।
মালা আক্তার প্রথম আলোকে বলেন, ১৭ বছর পর শ্রমের টাকা পেয়ে তিনি আনন্দিত। এ ব্যাপারে সহযোগিতার জন্য তিনি এসি ল্যান্ড ও সৌদি দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।