১৭ বছর পর বরগুনায় যুবলীগের কমিটি
১৭ বছর পর বরগুনা জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে রেজাউল করিমকে সভাপতি এবং আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করা হয়। আজ সোমবার সকালে কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রেজাউল করিম সদ্য বিলুপ্ত জেলা যুবলীগের সহসভাপতি ছিলেন। আবুল কালাম আজাদ ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
আগামী তিন বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। যুবলীগের জেলা কমিটি ১০১ সদস্যের হলেও এ কমিটিতে ২৮ জনের নাম দেওয়া হয়েছে। বাকি পদগুলো আগামী এক মাসের মধ্যে পূরণ করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিয়ে বলা হয়েছে।
যুবলীগের কমিটিতে পদ পাওয়া অন্য নেতারা হলেন সহসভাপতি পদে সাহাবুদ্দিন সাবু, মো. হুমায়ুন কবির, আবু জাফর, মাসুদ আলম, এলমান উদ্দিন আহমেদ সুহাদ, তৌহিদ মোল্লা, জহুরুল ইসলাম, আরিফ হোসেন মোল্লা; যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুনাইদ হোসেন, মো. মাহমুদুল আজাদ, আক্তারুজ্জামান বাহাদুর; সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, মো. আবদুর রহিম মোল্লা, আমিরুল ইসলাম, আক্তারুজ্জামান রকিব, জুবায়ের আদনান; প্রচার সম্পাদক আনিসুজ্জামান, গ্রন্থনা-প্রচারণা সম্পাদক মাহমুদুল বারী রনি, অর্থ সম্পাদক বায়েজিদ হাসান; শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক মহসিন মিয়া, আইনবিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সমাজকল্যাণ সম্পাদক ইলিয়াস আকন, বিজ্ঞান তথ্যবিষয়ক সম্পাদক আবু হানিফ দোলন, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকি এবং ধর্মবিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন।
২০০৫ সালে সর্বশেষ বরগুনা জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় কামরুল হাসান মহারাজকে সভাপতি এবং সাহাবুদ্দিনকে সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়। ১৭ বছর পর গত বছরের ২০ ডিসেম্বর বরগুনা জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর তিন মাস পর আজ কমিটি ঘোষণা হয়।