১৭ বছরের সাজা এড়াতে আত্মগোপনে ছিলেন ১৮ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের হাতে গ্রেপ্তার ইকবাল হোসেন (৫২)
ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় ১৮ বছর পালিয়ে বেড়ানোর পর ইকবাল হোসেন (৫২) নামের ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার পর ওই আসামিকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকবাল মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ডুলিহিটা গ্রামের বাসিন্দা। ইকবাল ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী আজ প্রথম আলোকে বলেন, ২০০৪ সালে ইকবালের বিরুদ্ধে ময়মনসিংহে একটি অস্ত্র মামলা হয়। মামলার বাদী ছিল রাষ্ট্রপক্ষ। সেই বছর ওই মামলায় ইকবালকে ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। তখন এক বছর পাঁচ মাস কারাগারে থাকার পর তিনি জামিনে বের হন। এরপর সাজা এড়াতে তিনি গ্রামের বসতবাড়ি বিক্রি করে ১৮ বছর আত্মগোপনে ছিলেন। নিজের পরিচয় গোপন করে রাজধানীর সূত্রাপুরে বসবাস করছিলেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের সোর্স নিয়োগ করা হয়।

সোয়েব আলী আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইকবাল সূত্রাপুরে আছেন। গতকাল দিবাগত রাতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।