
সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। সেই দেবীর প্রতিমা বা প্রতিচ্ছবি তৈরির কারিগরেরা সাধারণত পুরুষ। কিন্তু ব্যতিক্রম হয়ে সামনে এসেছেন এক নারী। এবার বরিশাল ও গোপালগঞ্জে ১৭টি মন্দিরের প্রতিমা গড়েছেন তিনি।
তাঁর নাম সুইটি দাস। তাঁর হাতের ছোঁয়ায় দেবী দুর্গা হয়ে উঠেছে জ্যোতির্ময়ী। এবার গোপালগঞ্জ জেলা সদরে পাঁচটি, কোটািলপাড়া উপজেলায় সাতটি, বরিশাল মহানগরে একটি এবং মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট এলাকায় চারটি মন্দিরের প্রতিমা তৈরি করেছেন বলে প্রথম আলোকে জানালেন তিনি। জ্যৈষ্ঠ মাস থেকে চলে তাঁর কাজের প্রস্তুতি।
আলাপচারিতায় নিজের সম্পর্কে সুইটি দাস যা বললেন, তা জড়ো করলে এই চিত্রটি দাঁড়ায়: ছোটবেলা থেকে কাদামাটি, রং-তুলির সঙ্গে বেড়ে ওঠা সুইটি দাসের। জন্ম বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার নৈয়ারপাড়া গ্রামে। বেড়ে ওঠা ভারতের পুরান দিল্লির সোনারকাঠি গ্রামে। দাদু কৃষ্ণ মণ্ডল, মামা স্বপন কুমার মণ্ডলসহ চার মামার স্নেহে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোনোর আগেই মা মনিমালা দাস, দিদি রিংকু ও এক পিসিমার কাছ থেকে শিল্পকর্মের হাতেখড়ি তাঁর। তখন পিতলের ওপর নকশা আঁকার কাজ করতেন। উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনার পর ছয় বছরের চরুকলা কোর্সে ভর্তি হলেও পরীক্ষা দেওয়া হয়নি। তবে থেমে থাকেনি কাজ। শুরু করেন মাটির প্রতিমা তৈরির কাজ। ছোট ছোট প্রতিমা তৈরি করে আত্মীয়স্বজনকে উপহার হিসেবে দিতেন।
সুইটি দাস পারিশ্রমিকের বিনিময়ে কাজ শুরু করেছেন মাত্র তিন বছর হলো। দিল্লি থেকে বাংলাদেশে গ্রামের বাড়িতে ফিরে কাজ শুরু সুইটির। এর মধ্যে দুই বছর গ্রামের বাড়ির আশপাশের মন্দিরে প্রতিমা তৈরি করেছেন। কাজ দেখে ডাক আসতে শুরু করে বিভিন্ন স্থান থেকে। কোটালীপাড়া, গোপালগঞ্জ ছাড়িয়ে বরিশাল থেকেও ডাক আসতে থাকে তাঁর।
সুইটি জানালেন, বরিশাল শহরের মহাশ্মশান কালিমন্দিরের পাশে থাকেন সুইটির বড় বোন লক্ষ্মী দাস। তাঁর মাধ্যমে পরিচয় হয় বরিশাল নগরের কাউনিয়া প্রধান সড়কের শ্রীশ্রীলোকনাথ বাবার মন্দির কর্তৃপক্ষের সঙ্গে। চুক্তি হয় ৫০ হাজার টাকায়। শুরু হয় এবারের প্রতিমা নির্মাণের কাজ।
দিন পাঁচেক আগে এই মন্দিরে গিয়ে দেখা যায়, কাজে মগ্ন সুইটি দাস। কুশল বিনিময় করেই আবার কাজে মনোযোগী হলেন। এই মন্দিরের কাজ শেষ করে যেতে হবে অন্য মন্দিরে। সুইটি নিজে মূল কাজ করেন। তাঁর নির্দেশনায় বাকিটা সামলান সহকারীরা। আটজন সহকারী আছেন তাঁর।
ছোট-বড় অনেকেই ভিড় জমিয়েছেন মন্দিরের সামনে। উৎসুক মানুষের আগ্রহের কেন্দ্রে এই নারী শিল্পী এবং চোখের সামনে আস্তে আস্তে অবয়ব নেওয়া তাঁর শিল্পকর্ম।
শিল্পী সুইটি দাস জানান, একনাগাড়ে কাজ করলে একটি মন্দিরের প্রতিমা গড়তে পাঁচ থেকে সাত দিন সময় লাগে। সহকারী থাকলে সময় আরও কম লাগে।
সুইটি দাস প্রতিমাশিল্পে নতুনত্ব আনার প্রত্যয় জানালেন। তাঁকে দেখে অন্য নারীরাও এই পেশায় আসবেন এমন আশা তাঁর। কারণ কাজের মাধ্যমেই নারীর মুক্তি মিলবে বলে মনে করেন তিনি।