
চট্টগ্রামের সাতকানিয়া-বাঁশখালী সড়কের ভেন্ডারের মসজিদের মোড় থেকে গুনাগরি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরপাড়া, সতিপাড়া, জামে মসজিদ মোড়, ডলু সেতুর পূর্ব পাশ, ডলু সেতুর পশ্চিম পাশ, কামারের ভাঙা, ফুলতলা বাজারসহ বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
দোহাজারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, গত ফেব্রুয়ারি-মার্চ মাসে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে সাতকানিয়া-বাঁশখালী সড়কের ২০ কিলোমিটারের মধ্যে রাস্তার মাথা থেকে ডলু সেতু পর্যন্ত সাড়ে চার কিলোমিটার অংশ সংস্কার করা হয়। সম্প্রতি বৃষ্টিতে সংস্কার করা অংশের কিছু কিছু স্থানেও খানাখন্দের সৃষ্টি হয়েছে।
বাসের চালক মো. নাজিম উদ্দিন বলেন, সাতকানিয়া-বাঁশখালী সড়কে গাড়ি নিয়ে ঢুকতে মন চায় না। অনেক সময় গর্তে পড়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়।
ফুলতলা বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, সড়ক বেহাল হওয়ায় পণ্য পরিবহনে গাড়ির চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করেন। ফলে ব্যবসায়ীরা পণ্যের মূল্য বাড়িয়ে বিক্রি করতে বাধ্য হন।
সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমজান আলী বলেন, সড়ক ভাঙাচোরা হওয়ার কারণে অনেকে সাতকানিয়া সদর হয়ে চট্টগ্রাম নগরে যেতে চান না। বাঁশখালী হয়ে চট্টগ্রাম নগরে আসা-যাওয়া করেন।
দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী দীপন চাকমা প্রথম আলোকে বলেন, সাতকানিয়া-বাঁশখালী সড়কের সাতকানিয়া সদর, দেওদিঘি বাজার, জোটপুকুরিয়া ও ফুলতলা বাজার এলাকায় পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়ক মেরামত করলেও তা টিকসই হয় না। তা ছাড়া বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে।
সওজের দোহাজারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল মিয়া প্রথম আলোকে বলেন, সাতকানিয়া-বাঁশখালী সড়কের ২০ কিলোমিটারের মধ্যে সাড়ে ১৫ কিলোমিটার অংশ সংস্কারের জন্য দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে।
সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ‘সড়কটি সংস্কারের পাশাপাশি প্রশস্ত করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আশা করছি, শিগগিরই সওজ সড়কটি সংস্কারের পাশাপাশি প্রশস্ত করার কাজ শুরু করবে।’