১৯ দিনেও সন্ধান মেলেনি অভিযুক্ত কর্মকর্তার

এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদকে অভিযোগ করেছে সিভিল সার্জনের কার্যালয়।

  • মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাশের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ।

  • গত ২৩ সেপ্টেম্বর অফিস থেকে বের হওয়ার পর তাঁকে আর পাওয়া যাচ্ছে না।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় বিদেশগামী ব্যক্তিদের কোভিডের নমুনা পরীক্ষার ২ কোটি ৫৮ লাখ টাকা আত্মসাৎ করে লাপাত্তা মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাশের সন্ধান এখনো মেলেনি। গত ২৩ সেপ্টেম্বর অফিস থেকে বের হওয়ার পর তাঁকে আর পাওয়া যাচ্ছে না।

এদিকে ওই ঘটনা তদন্তে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে একটি ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চলতি সপ্তাহেই তদন্ত কমিটিগুলো কাজ শুরু করবে। অন্যদিকে প্রকাশ কুমারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে সিভিল সার্জনের কার্যালয়। মামলার প্রক্রিয়া হিসেবে অনুমোদনের জন্য তা দুদকের প্রধান কার্যালয়ে পাঠিয়েছে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়।

ওই ঘটনায় গত বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক মনজুরুল মুরশিদ। জানতে চাইলে মনজুরুল মুরশিদ বলেন, আগামী সোমবার তদন্তের কাজ শুরু হবে। ৭ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়া হবে।

খুলনা জেনারেল (সদর) হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) হিসেবে কর্মরত ছিলেন প্রকাশ কুমার দাশ। বিদেশগামী ব্যক্তিদের কোভিড পরীক্ষার দায়িত্ব দেওয়া হয় তাঁকে। ওই পরীক্ষার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ছাড়া তিনি যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও চিঠি দিয়েছে সিভিল সার্জনের কার্যালয়।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, গত ডিসেম্বরে খুলনার সিভিল সার্জন হিসেবে যোগ দেন নিয়াজ মোহাম্মদ। ওই হাসপাতালের তত্ত্বাবধায়কও তিনি। যোগদান করার পর জানতে পারেন ওই হাসপাতালে কোভিড পরীক্ষার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা সিভিল সার্জনের নাম করে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন। গত এপ্রিলে ব্যাপারটি প্রমাণিত হওয়ার পর ওই হাসপাতাল থেকে কোভিড পরীক্ষার কাজে স্বেচ্ছাসেবকদের বাদ দেওয়া হয়। আর বিদেশগামী ব্যক্তিদের কোভিড পরীক্ষার মূল দায়িত্বে থাকা প্রকাশ কুমারের কাছে সব পরীক্ষার তথ্য ও হিসাব চাওয়া হয়। তদন্তে দেখা যায়, প্রকাশ কুমারের জমা দেওয়া টাকার সঙ্গে ২ কোটি ৫৮ লাখ টাকার অসংগতি রয়েছে। পরদিন প্রকাশ কুমারকে কারণ দর্শানোর নোটিশ ও ওই টাকা ফেরত দেওয়ার জন্য চিঠি দেন সিভিল সার্জন। গত ২৩ সেপ্টেম্বর ওই টাকা জমা দেওয়ার কথা ছিল। সকালের দিকে অফিসে এসে দুপুরের দিকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান প্রকাশ কুমার। এর পর থেকে আর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিয়াজ মোহাম্মদ বলেন, সদর থানায় করা সাধারণ ডায়েরির কাগজ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদক খুলনা কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে মহাপরিচালকের দপ্তরে বিস্তারিত জানিয়ে চিঠি দেওয়ার পর সেখান থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।