১৯ বছর পর বরিশাল মহানগর ছাত্রদলের আরেকটি পূর্ণাঙ্গ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৯ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল মহানগর শাখার আরেকটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বরিশাল মহানগর ছাত্রদলের ৪৯৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আজিজুল হক বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

ছাত্রদল সূত্র জানায়, বরিশাল মহানগর ছাত্রদলের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল ২০০৩ সালে। ওই কমিটির সভাপতি ছিলেন বি এম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মরহুম মশিউল আলম ও সাধারণ সম্পাদক ছিলেন জি এম আতায়ে রাব্বি। এ কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ২০১১ সালে ২২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে ২২ জনের ওই আহ্বায়ক কমিটি শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। এরপর ২০১৮ সালের ১৯ আগস্ট কেন্দ্রীয় কমিটি থেকে গঠন করা হয় বরিশাল মহানগর ছাত্রদলের ৫ সদস্যের ‘সুপার ফাইভ’ কমিটি। এই কমিটির সভাপতি করা হয় রেজাউল করিম ও সাধারণ সম্পাদক করা হয় মো. হুমায়ূন কবিরকে। সুপার ফাইভ কমিটিকে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে বলা হয়েছিল।

পদপ্রত্যাশী সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে কমিটি বড় হয়েছে। এতে কোনো সমস্যা হবে না।
মো. হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক, বরিশাল মহানগর ছাত্রদল

সূত্র জানায়, অভ্যন্তরীণ কোন্দলসহ নানা কারণে সুপার ফাইভ কমিটি কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে সময় নিল সাড়ে তিন বছর। সম্প্রতি কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়া হলে কেন্দ্র থেকে তা অনুমোদন দেওয়া হয়েছে আজ।

অনুমোদিত বরিশাল মহানগর ছাত্রদলের ৪৯৮ সদস্যের কমিটির সভাপতি মো. রেজাউল করিম বলেন, ‘সারা দেশেই বড় পরিসরে ছাত্রদলের কমিটি দেওয়া হচ্ছে। আমরা এখন বিরোধী দলে, তাই সবাইকে সাংগঠনিক পরিচয় দিতে গিয়ে কমিটির পরিসর বড় হয়েছে।’ তিনি বলেন, কমিটি বড় হলেও সংগঠনের জন্য ত্যাগী ও নিবেদিত নেতা-কর্মীরাই কমিটিতে ঠাঁই পেয়েছেন। বিতর্কিতরা স্থান পাননি।

সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির বলেন, পদপ্রত্যাশী সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে কমিটি বড় হয়েছে। এতে কোনো সমস্যা হবে না। বরং আন্দোলন-সংগ্রামে বরিশাল মহানগর ছাত্রদল নব উদ্যমে মাঠে নামবে।

মহানগর ছাত্রদলের অনুমোদিত নতুন কমিটি সম্পর্কে জানতে চাইলে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বলেন, ‘আমি পূর্ণাঙ্গ কমিটি এখনো দেখিনি। না জেনেবুঝে কোনো মন্তব্য করতে চাই না।’