১৯ মার্চের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য উদ্যোগ নেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
১৯ মার্চকে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘দীর্ঘ কঠিন-কঠোর ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই সর্বশেষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি। আর এই মুক্তিযুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি। বাঙালির এই দীর্ঘ ধারাবাহিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
আজ শনিবার সকালে ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।
১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরুর আগে জয়দেবপুরে অকুতোভয় মুক্তিকামী বাঙালিরা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। সশস্ত্র পাকিস্তানি সেনাবাহিনী জনতার ওপর গুলিবর্ষণ করলে সেখানে অনেকে শহীদ ও হতাহত হন। এটি ছিল মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু হয়। লক্ষণীয় বিষয় হচ্ছে ২৬ মার্চের পূর্বে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে গাজীপুরে সংঘটিত হয়েছিল দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ। সেদিন প্রতিরোধযুদ্ধে নিহত হয়েছিলেন হুরমত, নিয়ামত, মনুখলিফা, কানু মিয়া। আহত হয়েছেন আরও অনেকে। তাই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯ মার্চ মাইলফলক।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার জাকির হাসান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ নয়ন, গাজীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী, ভাষাশহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।
এর আগে গাজীপুর সার্কিট হাউস প্রাঙ্গণে ১৯ মার্চ শহীদদের স্মরণে নির্মিত স্মারক ভাস্কর্য ‘অনুপ্রেরণা-১৯’-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।