২ কোটি টাকার জমি বেদখল

তদন্তে সত্যতা পেয়ে দখলদারদের দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিয়েছে প্রশাসন। কিন্তু নির্দেশনা মানা হচ্ছে না।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি কমিশনারের কার্যালয়ের প্রতিবেদনে সরকারি জমি দখলের পেছনে কয়েকজন ও একটি মসজিদের নাম এসেছে
ছবি: প্রথম আলো

ভোলার তজুমদ্দিন উপজেলা শহরের শশীগঞ্জ বাজারে প্রায় দুই কোটি টাকা মূল্যের আট শতাংশের বেশি সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। ওই জমিতে টিনের দোকান বসিয়ে মোটা অঙ্কের টাকায় ভাড়া দেওয়া হচ্ছে। তদন্তে সত্যতা পেয়ে দখলদারদের দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী ভূমি কমিশনার (ভূমি)। কিন্তু নির্দেশনা মানা হচ্ছে না।

ওই জমি মাপজোখ করে গত ২ মার্চ এসি ল্যান্ড বরাবর প্রতিবেদন পাঠিয়েছেন সহকারী ভূমি কমিশনার কার্যালয়ের সার্ভেয়ার ফিরোজ আলম। তিনি লিখেছেন, শশীগঞ্জ মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত (জেএল নম্বর-৪৭) ৪৪৮৪ ও ৪৪৬৫ দাগ নম্বরে ৫টি পক্ষ প্রায় ৮ দশমিক শূন্য ৫৭ শতাংশ জমি দখলে নিয়েছে। এই প্রতিবেদন পাওয়ার পর ২১ মার্চ দখলদারদের জমির দখল ছেড়ে চলে যেতে নোটিশ দিয়েছেন সহকারী কমিশনার (ভুমি)।

প্রতিবেদন থেকে জানা যায়, দখলের পেছনে কয়েকজন ব্যক্তি ও একটি মসজিদের নাম এসেছে। এর মধ্যে স্থানীয় নাছির উদ্দিন–খোকন মিঞা ও তাঁদের বোনদের দখলে আছে ৩ দশমিক ৯৬ শতাংশ। এ ছাড়া উত্তর মাথা জামে মসজিদ কমিটি ২ দশমিক ৫৮ শতাংশ, রফিকুল ইসলাম শূন্য দশমিক ২৭ শতাংশ ও চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা ১ দশমিক ২৩ শতাংশ জমি দখল করেছেন।

শশীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম তালুকদার বলেন, তিনি স্বাধীনতার আগ থেকে এ বাজারে ব্যবসা করছেন। শশীগঞ্জ বাজারের চাঁদপুর ফাজিল মাদ্রাসার সামনের পুকুরটি সরকারি খাস পুকুর নামে পরিচিত। যখন লাগাতার নদীর ভাঙন চলছিল, সে সময় এসব জমির কোনো দাম ছিল না, তখন যে যেমন পেরেছে দখল করেছে। সরকারও গা করেনি। এখন ব্লক ফেলে মেঘনার ভাঙন থেকে রক্ষার কারণে জমির দাম হু হু করে বেড়েছে। ১ শতাংশ জমির দাম কম করে হলেও ১৫-২০ লাখ টাকা।

সরেজমিনে দেখা যায়, শশীগঞ্জ বাজারের উত্তরাংশে চাঁদপুর ফাজিল মাদ্রাসা সড়কের দক্ষিণে ওই জমিতে মনির হোসাইন, মো. আজাদ, আবুল কালাম ও মো. মনির দোকান ভাড়া নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। জমি দখল করে এ চারটি দোকান গড়ে তুলেছেন নাছির উদ্দিন-খোকন মিঞা ও তাঁর বোনেরা।

দখলকৃত জমিতে ৬টি দোকান করে বাৎসরিক ২ লাখ ৬০ হাজার টাকায় ভাড়া দিচ্ছে মসজিদ কমিটি। স্থানীয় ব্যক্তিরা আরও বলেন, অবৈধভাবে দখলকৃত জমির আয় মসজিদে দেওয়া অবৈধ। যদি তাঁরা সরকারের কাছ থেকে একসনা ডিসিআর কেটে বা বন্দোবস্ত নিতেন, তাহলে সেটি বৈধ হতো।

দখল করে বসতঘর করেছেন উপজেলার চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা। তিনি বলেন, নদীতে তাঁর বাড়িঘর ভেঙে গেলে তিনি এখানে এসে উঠেছেন। জমিটুকু নিজের করে পেতে বন্দোবস্তের আবেদন করেছেন।

তজুমদ্দিনের ইউএনও মরিয়ম বেগম বলেন, সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের সরে যেতে লিখিতভাবে বলা হয়েছে। সময়ও দেওয়া হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক বলেন, বাজারের মধ্যে উচ্ছেদ করতে গেলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। যাঁরা দখলে আছেন ও ব্যবসা করছেন, তাঁরা যদি রাজি হন, তাঁদের একসনা বন্দোবস্তের ডিসিআরের মাধ্যমে বৈধ মালিকানা দেওয়া যেতে পারে।