২ বছর সাজার ভয়ে ১১ বছর আত্মগোপনে, অতঃপর গ্রেপ্তার
সড়ক দুর্ঘটনার মামলায় দুই বছরের সাজার ভয়ে মোন্তাজ মল্লিক (৫৫) দীর্ঘ ১১ বছর আত্মগোপনে ছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার চাপাতলা গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বাগেরহাট সদর উপজেলার চাপাতলা গ্রামের বাসিন্দা মোন্তাজ মল্লিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে পুরোনো রূপসা-বাগেরহাট সড়কে দুর্ঘটনায় এক পথচারী মারা যান। ওই ঘটনায় মামলা হয় মোন্তাজ মল্লিকের নামে। পরে সেই মামলায় ২০১০ সালে আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। এরপর সাজার ভয়ে মোন্তাজ মল্লিক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘ ১১ বছর আত্মগোপনে থেকে মোন্তাজ কয়েক দিন আগে বাড়ি ফেরেন। এ খবর পেয়ে আজ দুপুরে চাপাতলা গ্রামের বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর পুলিশের কাছে মোন্তাজ বলেন, পরিবার, স্ত্রী-সন্তানের জন্য মন কাঁদলেও গ্রেপ্তারের ভয়ে এলাকায় আসতেন না। জেল খাটার ভয়েই এত দিন এলাকায় আসেননি।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম প্রথম আলোকে জানান, মামলার রায় ঘোষণার পর থেকে মোন্তাজ মল্লিক পলাতক ছিলেন। ২১ দিন আগে তিনি চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন, তবে গোপনে চলাফেরা করতেন। খবর পেয়ে আজ দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।