২ লাখ ৪৫ হাজার ইয়াবা ফেলে পালাল চোরাকারবারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে টেকনাফে জব্দ করা দুই লাখ ৪৫ হাজার ইয়াবা বড়ি। আজ শুক্রবার কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশনে
ছবি: প্রথম আলো

উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান কক্সবাজারের টেকনাফে আনা হচ্ছিল। তবে কোস্টগার্ডের সদস্যদের টর্চলাইট ও বাঁশির শব্দ শুনে ব্যাগ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ওই ব্যাগ থেকে ২ লাখ ৪৫ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকা থেকে ইয়াবার চালান জব্দ করা হয়েছে। আজ দুপুরের দিকে প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে কোস্টগার্ড টেকনাফের স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের সদস্যরা কয়েকজনকে কাঁধে ব্যাগ নিয়ে আসতে দেখেন।

গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের সদস্যরা টর্চলাইট মেরে ও বাঁশি বাজিয়ে তাদের দাঁড়ানোর নির্দেশ দেন। কিন্তু তারা কাঁধের ব্যাগ ফেলে দিয়ে পাশের ঝাউবনের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগের ভেতরে ২ লাখ ৪৫ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে জব্দ করা ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।