২০ বছর আগে ভাইসহ শরীয়তপুরের পিপি হত্যা মামলার রায়ের তারিখ পেছাল
শরীয়তপুর জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) হাবীবুর রহমান ও তাঁর ভাই মনির হোসেন হত্যা মামলার রায়ের তারিখ পেছানো হয়েছে। ২০ বছর পর আজ মঙ্গলবার শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত থেকে ওই মামলার রায় ঘোষণা করার কথা ছিল। সকাল সাড়ে ১০টায় বিচারক মো. শওকত হোসাইন মামলার রায় ঘোষণার তারিখ পেছানোর ঘোষণা দেন। ১৮ মার্চ আলোচিত এই জোড়া খুনের মামলার রায় ঘোষণা করা হবে।
২০০১ সালের ৫ অক্টোবর গুলি করে হাবীবুর রহমান ও তাঁর ভাই মনির হোসেনকে হত্যা করা হয়। আলোচিত ওই হত্যা মামলার ১৩ আসামি পলাতক।
শরীয়তপুর জেলা জজ আদালতের বর্তমান পিপি মির্জা মো. হজরত আলী প্রথম আলোকে বলেন, মামলার পূর্ণাঙ্গ রায় লেখা শেষ হয়নি। এ কারণে রায় ঘোষণার তারিখ পিছিয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি আদালতে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরপর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১৩ আসামিকে জামিন দেন। আর ২৬ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠান। ওই মামলার প্রধান আসামি সরোয়ার হোসেন বাবুল তালুকদারসহ ১৩ আসামি আদালতে হাজির না হওয়ায় ওই দিন তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ওই মামলার পলাতক আসামিরা হলেন সারোয়ার হোসেন বাবুল তালুকদার, তাঁর ভাই শহীদ তালুকদার, রুবেল খান, শাহীন কোতোয়াল, বাদল তালুকদার, দুলাল ফকির, জাহিদ খান, অরুণ ব্যাপারী, মজনু, রাব্বি আহম্মেদ রনি, টোকাই রশিদ, জুয়েল মীর মালত ও হেমায়েত হোসেন।
মামলার এজাহার ও বাদীর পরিবার সূত্রে জানা গেছে, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন জাজিরা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোবারক আলী সিকদার। আর স্বতন্ত্র প্রার্থী ছিলেন হেমায়েত উল্লাহ আওরঙ্গ। তখন আওরঙ্গের পক্ষে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ। ১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জাজিরা উপজেলার কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত হয়। স্থগিত হওয়া সেই নির্বাচন নিয়ে ৫ অক্টোবর শহরে হাবীবুর রহমানের বাসভবনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সভা চলছিল। সেখানে হামলা চালান আওরঙ্গ-সমর্থক যুবলীগের সাবেক নেতা সরোয়ার হোসেন বাবুল তালুকদারের লোকজন। তাঁর ভাই মন্টু তালুকদার সেখানে গুলিবিদ্ধ হন। কিছুক্ষণ পর ওই বাসভবনে আবার হামলা হয়। তখন হাবীবুর রহমান ও তাঁর ভাই মনির হোসেন খুন হন।
হাবীবুর রহমান তখন আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আর মনির হোসেন ছিলেন পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
হাবীবুর রহমানের স্ত্রী জিন্নাত রহমানের করা হত্যা মামলায় আওরঙ্গকে প্রধান আসামি করা হয়। মোট ৫৫ ব্যক্তিকে আসামি করেন তিনি। পুলিশ তদন্ত শেষে আওরঙ্গর নাম বাদ দিয়ে ২০০৩ সালে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার বাদী তখন আদালতে নারাজি দেন। আদালত ওই আবেদন নামঞ্জুর করেন। এরপর জিন্নাত রহমান উচ্চ আদালতে রিট করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন আওরঙ্গ। ২০১৩ সালের ৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় আওরঙ্গ মারা যান। এরপর উচ্চ আদালত মামলাটি পুনরায় তদন্ত করে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন পুলিশকে। পুলিশ ২০১৩ সালের অক্টোবরে আদালতে ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আওরঙ্গ ছাড়াও ওই মামলার এজাহারভুক্ত আসামি শাহজাহান মাঝি ও স্বপন কোতোয়াল মারা গেছেন।
হাবীবুর রহমানের ছেলে জজ কোটের সহকারী বিশেষ কৌঁসুলি (এপিপি) ও শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান বলেন, ‘আমার বাবা ও চাচা হত্যার বিচারের জন্য ২০ বছর ধরে অপেক্ষায় আছি। দীর্ঘ এই সময়ে মামলাটি নিয়ে অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। আজ রায় হবে—এমন আশা ছিল, কিন্তু পিছিয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে মামলাটির রায় যেন আগামী তারিখে ঘোষণা করা হয়।’