২০ লাখ মানুষের ৫৬ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসক-সংকট প্রকট আকার ধারণ করেছে। জেলায় প্রায় ২০ লাখ মানুষের বাস। অথচ তাঁদের জন্য চিকিৎসক আছেন মাত্র ৫৬ জন।
নীলফামারীর সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা প্রথম আলোকে জানান, জেলায় ১৭৮ জন চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে ১২২টি পদ খালি। জ্যেষ্ঠ পরামর্শকের (সিনিয়র কনসালট্যান্ট) পাঁচটি পদই খালি এবং পরামর্শকের (জুনিয়র কনসালট্যান্ট) ৪৫টি সৃষ্ট পদে কর্মরত আছেন মাত্র ১০ জন। নীলফামারী আধুনিক সদর হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হলেও চিকিৎসক বাড়েনি। এখানে ২১ জন চিকিৎসকের পদে রয়েছেন মাত্র আটজন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলার ১৯ লাখ ৪৪ হাজার মানুষের স্বাস্থ্যসেবার জন্য দুটি ১০০ শয্যার হাসপাতাল, চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২১টি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র, সৈয়দপুরে একটি বহির্বিভাগ, একটি বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র ও একটি ১০ শয্যার কুষ্ঠ হাসপাতাল রয়েছে। এসব সরকারি হাসপাতালে ৫৬ জন চিকিৎসক কর্মরত। তাঁদের মধ্যে দুজন চিকিৎসক জেলার বাইরে প্রেষণে আছেন। ২১টি উপস্বাস্থ্যকেন্দ্রে ২১ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র দুজন। ফলে ১৯টি উপস্বাস্থ্যকেন্দ্র চিকিৎসাসেবা দিতে পারছে না। এ ছাড়া চিকিৎসকের অনেক আবার প্রায় ছুটিতে থাকেন। এতে গোটা জেলায় স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালে (১০০ শয্যাবিশিষ্ট) তিনজন ও সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে দুজন জ্যেষ্ঠ পরামর্শকের পাঁচটি পদই শূন্য রয়েছে। জোড়াতালি দিয়ে এখানে চিকিৎসাসেবা চলছে।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালে জ্যেষ্ঠ পরামর্শক মেডিসিন, সার্জারি ও চক্ষু ছাড়াও জুনিয়র কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জারির পদ খালি রয়েছে। এখানে মোট ২২ জন চিকিৎসকের পদে দায়িত্ব পালন করছেন মাত্র আটজন। এই আটজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগ, ময়নাতদন্ত, ভিকটিমের পরীক্ষাসহ সব কার্যক্রম। তাঁদের মধ্যে দু-একজন চিকিৎসক নিয়মিত ছুটিতে থাকেন। সার্জন না থাকায় প্রায় দুই বছর ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ (গাইনি কনসালট্যান্ট) প্রায় দুই মাস ধরে ছুটিতে থাকায় এখানে প্রসূতি অস্ত্রোপচারও হচ্ছে না। চক্ষু চিকিৎসক না থাকায় আট মাস ধরে বন্ধ আছে চক্ষু বিভাগের অস্ত্রোপচার।
এই হাসপাতালে কথা হয় চিকিৎসা নিতে আসা নীলফামারী পৌর এলাকার হাড়োয়া গ্রামের আবুল কাশেমের (৭০) সঙ্গে। তিনি জানান, কোমরে ও হাঁটুর ব্যথা নিয়ে চার দিন আগে ভর্তি হয়েছি। কিন্তু কোনো উপকার হচ্ছে না। চিকিৎসকেরা বলেছেন, এখানে হাড়ের চিকিৎসক নেই। রংপুরে যাওয়া লাগবে। কিন্তু রংপুরে যাওয়ার মতো টাকাপয়সা নেই। সে জন্য এখানে আছেন, ভাগ্যে যা আছে হবে।
১২ বছরের শিশু আবিয়া বেগম অ্যাপেনডিকসের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তার স্বজনেরা।
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসকের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসক ও জনবলসংকটের কারণে এ কপ্লেক্সের আট কোটি টাকার নানা সরঞ্জাম নষ্ট হচ্ছে। এখানে ২১ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র চারজন। এ উপজেলার অনেকে অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে পদগুলো শূন্য থাকলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জনবলসংকটের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতান মাহাবুব জানান, চিকিৎসক-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় সাংসদ আফতাব উদ্দিন সরকার জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব হাসপাতালের জনবলসংকট সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা জানান, চিকিৎসক-সংকটের বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানানো হচ্ছে। আগামী ৩৩তম বিসিএসের কিছু চিকিৎসক পাওয়া যাবে বলে ধারণা করছেন তিনি।