২০ শতাংশ জনবল নিয়ে চলছে কার্যক্রম

সংকট লাঘবে দেড় মাসের জন্য ৩০০ অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা চলতি মাসে কাজে যোগ দেওয়ায় কারখানায় গতি ফিরেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলার মানচিত্র

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা মাত্র ২০ শতাংশ জনবল নিয়ে চলছে। ঈদুল আজহা সামনে রেখে কারখানায় এখন ট্রেনের কোচ মেরামতের কাজের চাপ রয়েছে। এ অবস্থায় কারখানার অস্থায়ী শ্রমিকেরা (টিএলআর) বড় ভূমিকা পালন করছেন। তবে কারখানার ট্রেড ইউনিয়নগুলো সংকট নিরসনে স্থায়ী শ্রমিক নিয়োগের দাবি জানিয়েছে।

কারখানা সূত্র জানায়, ১৮৭০ সালে প্রতিষ্ঠিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাটিতে ২ হাজার ৮৬৯ জন লোক থাকার কথা। এর বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৭২৮ জন শ্রমিক-কর্মচারী। সংকট লাঘবে দেড় মাসের জন্য ৩০০ অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা চলতি মাসে কাজে যোগ দিয়েছেন। অবশ্য এর আগে আরও ২০০ অস্থায়ী শ্রমিক ওই কারখানায় নিয়োগ দেওয়া হয়। ফলে কারখানায় উৎপাদনে কিছুটা গতি ফিরেছে।

রেলওয়ে সূত্রমতে, আগামী ঈদুল আজহা সামনে রেখে পশ্চিমাঞ্চল রেলওয়েতে যাত্রীসেবা বাড়াতে কমপক্ষে ৬৫টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা নিয়মিত কাজের অতিরিক্ত। দুটি ইউনিট নিয়ে একটি রেল কোচ। সে হিসাবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হলে প্রতিদিন তিনটি ইউনিট মেরামতের করতে হবে শ্রমিকদের।

সূত্রটি আরও জানায়, ২০১৯-১৮ অর্থবছরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রতিদিন কোচ মেরামত হয় ২ দশমিক ১৮ ইউনিট। ২০১৮-১৯ অর্থবছরে যা কিছুটা বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৫৩ ইউনিট। ২০২০-২১ অর্থবছরে তা ছিল ২ দশমিক ৮৪ ইউনিট। আর চলতি অর্থবছরে এ পর্যন্ত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রতিদিন ৩ দশমিক ১০ ইউনিট মেরামত করা হচ্ছে।

কারখানার মেশিন টুল রুম শপে কাজ করতেন মিস্ত্রি আবু সালেহ। অবসরে যাওয়ার পর অস্থায়ী শ্রমিক হিসেবে তিনি একই শপে নিয়োগ পান। তিনি বলেন, লোকবল–সংকটে কারখানার অবস্থা শোচনীয়। যাঁরা অস্থায়ীভাবে আছেন, তাঁরা সহযোগিতা করে যাচ্ছেন। কারখানায় কোচ মেরামতের পাশাপাশি মালবাহী গাড়ি ও ১২ হাজার রকমের যন্ত্রপাতি তৈরি হয় রেলওয়ে কারখানায়।

রেলওয়ে শ্রমিক ইউনিয়ন সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক শেখ রোবায়তুর রহমান জানান, অস্থায়ী শ্রমিকেরা কারখানার উৎপাদনে গতি এনেছেন। তবে এটা কোনো সমাধান নয়। কারখানা সচল রাখতে অবিলম্বে জনবল নিয়োগ করতে হলে। তা না হলে আগামী এক বছরের কারখানা অচলাবস্থার সৃষ্টি হবে। আউটসোর্সিংয়ের মাধ্যমে অদক্ষ লোক নেওয়া হলে কারখানার উৎপাদন ধরে রাখা অসম্ভব হবে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান বলেন, লোক নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) মুহাম্মদ কুদরত-ই খুদা মুঠোফোনে বলেন, বর্তমান সরকার রেলবান্ধব। কারখানায় দক্ষ লোকের প্রয়োজন। তাই বর্তমানে কারখানায় অবসরে যাওয়া লোকজনকে দিয়ে কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।