২০ শয্যার হাসপাতালটি দ্রুত চালুর দাবিতে সান্তাহারে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সান্তাহার পৌর শহরের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালুর দাবিতে মানববন্ধন। আজ বৃহস্পতিবার বিকেলে সান্তাহার শহরের রেলগেট চত্বরে
ছবি: প্রথম আলো

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় অবস্থিত ২০ শয্যার সান্তাহার হাসপাতাল দ্রুত চালু করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় সান্তাহার শহরের রেলগেট চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে সান্তাহার প্রেসক্লাব।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৬ সালে এই হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়। পরে নানা জটিলতায় এটি চালু হয়নি। দীর্ঘ ১৫ বছর পর সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর হাপাতালটির নির্মাণকাজ সম্পন্ন করেছে। কিন্তু হাসপাতালের অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও লোকবল নিয়োগ না হওয়া ও আসবাব না থাকায় এটি চালু হচ্ছে না।

বক্তারা বলেন, সান্তাহার শহর থেকে আদমদীঘি উপজেলা সদরের দূরত্ব প্রায় আট কিলোমিটার। এ কারণে এ এলাকার মানুষ স্বাস্থ্যসেবা পাওয়া নিয়ে সমস্যায় রয়েছে। মানববন্ধন থেকে দ্রুত হাসপাতালটি চালু করে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়।

সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আম্বিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক খায়রুল ইসলাম, রবিউল ইসলাম, হারেজুজ্জামান, সাগর খান, তোফায়েল হোসেন, মোমতাজুর রহমান, আবুবক্কর সিদ্দীক, নয়ন হোসেন প্রমুখ। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।