নওগাঁ পৌরসভা
২০ সড়কের ১৫টিই বেহাল
পৌরসভার প্রধান সড়ক ২০টি। পাড়া-মহল্লার ভেতর আরও ৮০টি রাস্তা আছে। মেয়রের ভাষ্য, রাজনৈতিক জটিলতায় বরাদ্দ মিলছে না।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নওগাঁ পৌরসভার অন্তত ১৫টি প্রধান সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রায় দেড় লাখ মানুষকে। সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি বাসিন্দাদের।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার ২০টি প্রধান সড়কসহ পাড়া-মল্লার ভেতর দিয়ে আরও ৮০টির বেশি সড়ক আছে। এসব সড়কের ১৩০ কিলোমিটার অংশ পাকা। আধা পাকা (ইট বিছানো) রয়েছে আরও ৪০ কিলোমিটার অংশ। কাঁচা রাস্তা প্রায় ১২০ কিলোমিটার।
মেয়রের অভিযোগ, তিনি বিএনপির রাজনীতি করায় বিভিন্ন কাজের জন্য সরকারি অর্থ বরাদ্দ পাওয়া কঠিন হয়ে পড়েছে।
সম্প্রতি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায়, ঢাকা বাসস্ট্যান্ড-আলুপট্টি সড়কের অবস্থা খুবই খারাপ। সড়কটির ইট, বালু ও খোয়া উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ডিগ্রি কলেজ-থানা মোড় সড়কের প্রায় এক কিলোমিটার রাস্তার পুরোটাই ইট-খোয়া উঠে গেছে। বৃষ্টির পানি জমে পুরো এক কিলোমিটার রাস্তাই কাদাজলে একাকার।
জনকল্যাণ মোড় থেকে ইদুর বটতলী পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের পুরো অংশজুড়েই ইট-বালু, ঢালাই ও বিটুমিন উঠে বিভিন্ন স্থানে খানাখন্দ আর গর্তের সৃষ্টি হয়েছে। শহরের সিও অফিস মোড় থেকে দুর্গাপুর চৌরাস্তা মোড় পর্যন্ত দুই কিলোমিটার সড়কটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল।
তাজের মোড়-বিডিআর ব্রিজ সড়ক, বটতলী মোড়-বাইপাস সড়ক, তাজের মোড়-বউবাজার, ব্রিজের মোড়-কালিতলা, ইট বটতলী-দুর্গাপুর, জনকল্যাণ মোড়-দুর্গাপুর, বাইপাস-ঠ্যাংভাঙা মোড়, বাটার মোড়-গোস্তহাটির মোড়-কালিতলা, সুলতানপুর-লস্করপুর, পলিটেকনিক্যাল মোড়-আরজি নওগাঁ সড়কের অবস্থাও বেহাল।
পৌরসভায় উন্নয়নকাজের জন্য সরকারি তেমন কোনো বরাদ্দই দেওয়া হয় না। মানুষের দুর্ভোগ লাঘবে ইচ্ছা থাকলেও কাজ করা যাচ্ছে না।নজমুল হক, মেয়র, নওগাঁ পৌরসভা
পার নওগাঁ এলাকায় আলুপট্টি-ঢাকা বাসস্ট্যান্ড সড়ক। এলাকার বাসিন্দা ও চাল ব্যবসায়ী নিরোধ বরণ সাহা বলেন, বৃষ্টির কারণে প্রায় এক মাস ধরে রাস্তাজুড়ে কাদাজলে একাকার হয়ে থাকছে। হেঁটে যাওয়ার উপায়ও নেই।
বাঙ্গাবাড়িয়া এলাকায় ডিগ্রি কলেজ-থানা মোড় সড়কের বিষয়ে সাত-আটজন বাসিন্দা ও কয়েকজন রিকশাচালক বলেন, প্রায় দুই বছর ধরে রাস্তাটি বেহাল। গত পৌর নির্বাচনের আগে প্রার্থীরা আশ্বাস দিয়েছিলেন রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে ছয় মাসের মধ্যে সংস্কার করা হবে। কিন্তু এখনো এ কাজের কোনো খবর নেই।
জনকল্যাণ মোড় থেকে ইদুর বটতলী মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ২০০২ সালের দিকে পাকা করা হয়। এরপর থেকে রাস্তা সংস্কার হয়নি। কাউন্সিলর ও মেয়রের কাছে থেকে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের।
নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, শহরের প্রায় ১৫টি রাস্তা সংস্কারের জন্য নগর পরিচালন ও অবকাঠামো উন্নতকরণ প্রকল্প-৩–এর আওতায় অর্থ বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু করোনাভাইরাসসহ বিভিন্ন সমস্যার কথা বলে ওই প্রকল্প থেকে দেড় বছর ধরে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে না।
পৌরসভার মেয়র নজমুল হক বলেন, বিএনপি–সমর্থিত মেয়র হওয়ার কারণে এই পৌরসভায় উন্নয়নকাজের জন্য সরকারি তেমন কোনো বরাদ্দই দেওয়া হয় না। করোনাভাইরাসের কারণে দাতা সংস্থার বিভিন্ন প্রকল্পের অর্থায়নও বন্ধ আছে। এই অবস্থায় মানুষের দুর্ভোগ লাঘবে ইচ্ছা থাকলেও কোনো উন্নয়নকাজ করা যাচ্ছে না।