২০ হাজার টাকায় বদলি হিসেবে ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন তহিদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাত ১০টার দিকে সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম তহিদুল হাসান (২৯)। তিনি শরীয়তপুরের গোসাইরহাটের হাটুরিয়ার বাসিন্দা। তহিদুল নিজেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী হিসেবে দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্র জানায়, গতকাল বিকেল সোয়া তিনটায় স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) পঞ্চম পালার ভর্তি পরীক্ষা শুরু হয়। ওই পরীক্ষায় তহিদুল ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী নাজমুল হকের বদলি হিসেবে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন তহিদুল। পরীক্ষা চলাকালে প্রবেশপত্রের ছবির সঙ্গে তাঁর চেহারার মিল না পাওয়ায় প্রক্টোরিয়াল বডিকে খবর দেন হলের দায়িত্বে থাকা শিক্ষকেরা। পরে তাঁকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তহিদুল জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার উদ্ভাসে নাজমুল হকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে নাজমুল হকের বদলি হিসেবে অবৈধভাবে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ২০ হাজার টাকার চুক্তি করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, পরীক্ষায় অংশ নিতে আসা ওই তরুণের চেহারার সঙ্গে প্রবেশপত্রের ছবির মিল না থাকায় হলের দায়িত্বরত শিক্ষকেরা বিষয়টি জানান। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গতকাল রাতে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গল ও বুধবার ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা চলাকালে ছয়জনের পরীক্ষা বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আ স ম ফিরোজ-উল-হাসান জানান, পরীক্ষা বাতিল হয়ে যাওয়া ছয়জনের মধ্যে কেউ ভুল করে পরীক্ষা দিতে গিয়েছিলেন। আবার কেউ জেনেশুনে পরীক্ষা দিতে গিয়েছেন। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।