সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকার হাওলদারপাড়ায় তরুণকে ছুরিকাঘাত করে হত্যার পেছনে ছিল মাত্র ২০০ টাকা নিয়ে বিবাদ। ঘটনার প্রায় দুই ঘণ্টার মাথায় ছুরিকাঘাতকারী কিশোরকে (১৭) আটক করার পর পুলিশকে এ তথ্য জানিয়েছে কিশোরটি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাওলদারপাড়ার একটি দোকানের সামনে ওই কিশোর ও দুই তরুণের ঝগড়া হয়। কিশোরের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলে নিহত হন রাজু দাস (২২)। তাঁর বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। তিনি হাওলদারপাড়ায় বসবাস করতেন।
জালালাবাদ থানা-পুলিশ সূত্রে জানা যায়, রাজুর লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁকে ছুরিকাঘাতকারী কিশোর ও তরুণের বাড়ি দুসকির টিলা এলাকায়। সম্পর্কে তাঁরা মামা-ভাগনে। ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যে পলাতক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, পুরোনো একটি মুঠোফোন বিক্রির টাকা তিনজনের মধ্যে ভাগ-বাঁটোয়ারা নিয়ে ঝগড়া বাধে। রাজুর কাছ থেকে মুঠোফোন বিক্রির ২০০ টাকা নিতে গিয়ে তাঁকে ছুরিকাঘাত করা হয়। ডান হাতের কনুইয়ে, ঊরুতে ও পিঠে তিনটি ছুরিকাঘাত করার পর রাজু চিৎকার করে লোক জড়ো করতে চাইলে তখন বুকের ডান পাশে ও কোমরে দুটি ছুরিকাঘাত করে পালিয়ে যান কিশোর ও এক তরুণ। এ সময় রাজু ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু মারা যান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ প্রথম আলোকে জানান, ঘটনার দুই ঘণ্টার মধ্যে ওই এলাকায় অভিযান চালিয়ে পলাতক দুজনের মধ্যে কিশোরকে গ্রেপ্তার করা হয়। ওই কিশোরের সঙ্গে পলাতক অপর তরুণকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
নিহত রাজু দাস হাওলদারপাড়ার মজুমদার পল্লির দুলাল চন্দ্র দাসের ছেলে। তাঁদের মূল বাড়ি সুনামগঞ্জের শাল্লায়। রাজুর ভাই সূর্য দাস জানান, মুঠোফোন বিক্রির ২০০ টাকা নিয়ে দুসকি টিলা এলাকার বাসিন্দা কিশোরসহ এক তরুণের সঙ্গে তাঁর ভাইয়ের ঝগড়া হয়। এর আগে রাজুকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল ওই কিশোর। এ ঘটনায় তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।