২০০ শিক্ষার্থীর খাবারের দায়িত্ব নিলেন দিলীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম বেঙ্গা। দারিদ্র্যপীড়িত এ গ্রামে অবস্থিত বেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য গতকাল শনিবার দিনটি ছিল অন্য রকম। হঠাৎ যেন আকাশ থেকে নেমে আসেন দেবদূত। তিনি ঘোষণা দেন, বিদ্যালয় চলাকালে প্রতিদিন তিনি শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করবেন।

মাগুরার এই বিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্রছাত্রীর জন্য সারা বছর দুপুরে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন ঢাকার গুলশানের বিশিষ্ট ব্যবসায়ী ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালা।

গতকাল শনিবার দুপুরে বিদ্যালয়মাঠে এক অনুষ্ঠানে দিলীপ আগারওয়ালা ওই ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর। দিলীপ আগারওয়ালা ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সুকুমার চৌধুরী, আশিস রায় চৌধুরী ও সদর উপজেলার চেয়ারম্যান রুস্তম আলী।

অনুষ্ঠানে দিলীপ আগারওয়ালা প্রত্যন্ত এ গ্রামের বিদ্যালয়ের সব ছাত্রছাত্রীর সারা বছরের দুপুরের খাবারের (মিড ডে মিল) দায়িত্ব নেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এর ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর উপস্থিতি বাড়বে এবং তাদের স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে। বিদ্যালয়ের সব শিশুর জন্য মিড ডে মিল চালাতে প্রতি মাসে অন্তত এক লাখ টাকা লাগবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।