২০২১ সালের মধ্যে মেয়েদের ১৫ বছরের আগে বিয়ে বন্ধ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের গার্ল সামিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বরকিনা ফাসো’র ফার্স্ট লেডি স্যান্তাল কমপাওর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের মানবাধিকার আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই l ছবি: পিআইডি
লন্ডনের গার্ল সামিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বরকিনা ফাসো’র ফার্স্ট লেডি স্যান্তাল কমপাওর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের মানবাধিকার আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই l ছবি: পিআইডি

বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মেয়েদের ১৫ বছর বয়সের আগে বিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ১৮ বছরের আগে বিয়ে বন্ধ হবে ২০৪১ সালে।
গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত গার্ল সামিটে প্রধানমন্ত্রী এই লক্ষ্যমাত্রার কথা ঘোষণা করার পাশাপাশি দেশটিতে নারী অধিকার প্রশ্নে বাধা সৃষ্টির জন্য জামায়াতে ইসলামীর সমালোচনা করেন।
জাতিসংঘের শিশু তহবিল, ইউনিসেফ এবং যুক্তরাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই সামিটের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় শেখ হাসিনার সঙ্গে প্যানেলে ছিলেন বুরকিনা ফাসোর ফার্স্ট লেডি স্যান্থোল কিনালি এবং তালেবান হামলা থেকে বেঁচে যাওয়া পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই। অনুষ্ঠানের উপস্থাপক জয়নাব বাদাওয়ি শেখ হাসিনাকে বাংলাদেশের পর পর দুই দফায় নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন। এ সময় শেখ হাসিনা একাধিকবারের চেষ্টায় তাঁর দৃষ্টি আকর্ষণ করে বলেন যে তিনি বর্তমানে তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী।
বাংলাদেশে বাল্যবিবাহ বন্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের পরও অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের জোর করে বিয়ে দেওয়ার সমস্যাটি মোকাবিলার চ্যালেঞ্জগুলো সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলেন, অর্থনৈতিক উন্নয়নসহ নারী অধিকারের ক্ষেত্রে বাংলাদেশে অনেক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তবে নারী অধিকারের প্রশ্নে জামায়াতে ইসলামীর মতো ধর্মীয় গোষ্ঠীগুলো বাধা সৃষ্টি করায় নারী উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, ’৯৬ সালে তিনি সরকার গঠনের পর জাতীয় নারীনীতি তৈরি করলেও পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর জোট ক্ষমতায় এসে তা স্থগিত করে দেয়। তিনি বলেন, দ্বিতীয় দফায় সরকার গঠনের পর নারীদের অবস্থার উন্নয়নে তাঁর সরকার আগের নীতিগুলো বাস্তবায়নে উদ্যোগী হয়েছে।
শেখ হাসিনা বলেন, দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা খরচে শিক্ষা, বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ এবং বৃত্তি দেওয়ার মাধ্যমে অভিভাবকদের খরচের বোঝা থেকে মুক্ত করে দেওয়ায় তাদের শিক্ষাব্যবস্থায় ধরে রাখা সম্ভব হচ্ছে। এর ফলে অল্প বয়সে বিয়ের ঝুঁকি কমানো সম্ভব হচ্ছে। তিনি বলেন, স্নাতক পর্যায় পর্যন্ত এই সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং সে কারণে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি আলাদা তহবিল গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ইসলামের সঙ্গে নারী অধিকারের কোনো সংঘাত নেই এবং সে কারণেই বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ মুসলমান হলেও দেশটির সংসদ নেতা, উপনেতা, বিরোধীদলীয় নেতা এবং স্পিকার—এই চারটি পদে নারীরা সমাসীন রয়েছেন।
মালালা ইউসুফজাই বলে, ইসলামে মেয়েদের শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করা হয়নি। কোরআন পড়লেই এটা নিশ্চিত হওয়া যাবে। অল্প বয়সে জোর করে বিয়ে দেওয়া এবং মেয়েদের খতনা বা যৌনাঙ্গে ক্ষত সৃষ্টির আচার বন্ধের যে উদ্যোগ শীর্ষ সম্মেলনে আলোচিত হচ্ছে, সে বিষয়ে মালালা বলে, একমাত্র শিক্ষার মাধ্যমেই এসব সমস্যার সমাধান সম্ভব।
প্যানেল আলোচনায় এরপর যোগ দেন ইউনিসেফের প্রধান অ্যান্থনি লেক এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইউনিসেফ প্রধান লেক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতিমধ্যেই কোটি কোটি তরুণ-তরুণী এই দুটো বিষয়ের ইতি ঘটানোর অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, নারী-পুরুষের সমতার বিষয়টি ব্রিটিশ উন্নয়নসহায়তার কেন্দ্রে থাকবে। তিনি আরও বলেন, এক প্রজন্মের মধ্যে এই দুটি অমানবিক আচার-প্রথার
অবসান ঘটানোই হচ্ছে তাঁদের লক্ষ্য। তিনি আন্তর্জাতিক পরিসর ছাড়াও ব্রিটেনের অভ্যন্তরীণ ক্ষেত্রে এসব বিষয়ে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।