২১ বছর আগের দুর্নীতির মামলায় অব্যাহতি পেলেন ১৫ জন
২১ বছর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে করা দুর্নীতির মামলায় ১৫ আসামির সবাইকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তাঁরা সবাই দোকানগ্রহীতা। এই মামলায় আরেক আসামি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি মারা যাওয়ায় আগেই মামলা থেকে অব্যাহতি পান।
আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ অভিযোগ গঠনের শুনানি শেষে সব আসামিকে অব্যাহতি দিয়ে মামলাটি খারিজ করে দেন।
দুদকের আইনজীবী সানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, ২০১৮ সালে এই মামলায় অভিযোগ গঠনের শুনানির সময় আদালত সিটি করপোরেশনের কাছে দুদকের মাধ্যমে দোকানগ্রহীতারা কোনো ক্ষতিপূরণ পেয়েছিলেন কি না, তাঁদের অন্যত্র দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল কি না জানতে চান। সম্প্রতি করপোরেশন থেকে জানানো হয় দোকানগ্রহীতাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অভিযোগ গঠনের শুনানিকালে আসামিরা মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।
১৯৯৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নগরের মুরাদপুর এলাকায় সিটি করপোরেশনের বাস টার্মিনালের যাত্রীছাউনিতে ২৩টি দোকান বরাদ্দ দেন সাবেক মেয়র মহিউদ্দিন। বরাদ্দের আগে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে মনগড়াভাবে এসব দোকানের দাম নির্ধারণ করার অভিযোগে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো চট্টগ্রামের পরিদর্শক সামসুল আলম বাদী হয়ে ২০০২ সালের ১৩ অক্টোবর কোতোয়ালি থানায় মহিউদ্দিনের বিরুদ্ধে এই মামলা করেন। তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের পরিদর্শক জাহাঙ্গীর আলম ২০০৬ সালের ৯ ফেব্রুয়ারি মহিউদ্দিন চৌধুরীসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আদালতে। অভিযুক্ত বাকি আসামিরা দোকানের গ্রহীতা।