২২ কোটি টাকার মাথাভাঙ্গা সেতুর উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর ওপর ২২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু রোববার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে
প্রথম আলো

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাথাভাঙ্গা নদীতে নির্মিত মাথাভাঙ্গা সেতুর উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

১৪০ মিটার দৈর্ঘ্য এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২২ কোটি ৪০ লাখ টাকা। সেতুটি উদ্বোধনকালে মন্ত্রী বলেন, এ সেতু চুয়াডাঙ্গার সঙ্গে মুজিব নগরকে সংযুক্ত করবে এবং কুষ্টিয়ার সঙ্গে যোগাযোগ নিরবচ্ছিন্ন হবে। এখন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলছে। নির্বাচন কমিশনের আচরণবিধিগুলোর দিকে খেয়াল রেখে তাঁরা এসব সড়ক-সেতু উদ্বোধন করছেন। যেসব জায়গায় নির্বাচন চলছে, সেসব জায়গায় কোনো নবনির্মিত ভবন, রাস্তা বা সেতু উদ্বোধন করা সংগত নয়।

মন্ত্রী আরও বলেন, যেসব কাজ চলছে, সে কাজগুলো যত দ্রুত সম্ভব গুণগত মান বজায় রেখে শেষ করতে হবে। এখন শুষ্ক মৌসুম শুরু হয়েছে, তাই কাজগুলো দ্রুত শেষ করা দরকার। কাজগুলো যথাসময়ে না হলে বর্ষার সময় কাজ দেরি হয়ে যাবে। সময়ক্ষেপণ দেশের উন্নয়নের জন্য মোটেও সহায়ক নয়।

মাথাভাঙ্গা সেতুর পূর্ব প্রান্তে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজীয়া আফরিন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ করিম, সড়ক ও জনপথ অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, ঠিকাদার জহিরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।

সওজ চুয়াডাঙ্গার উপবিভাগীয় প্রকৌশলী মতিয়ার রহমান বলেন, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।