২২ বছর ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে নেছারাবাদ আ.লীগ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হয় ২০০০ সালে। এরপর ২২ বছর ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে দলটি। দীর্ঘ বছর কমিটি না হওয়ায় একটি পক্ষ সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়ী করছেন। তাদের দাবি, বর্তমান কমিটির নেতারা পদ আঁকড়ে রাখার জন্য সম্মেলন করতে অনীহা দেখাচ্ছেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস বলেন, ৫ মার্চ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মঠবাড়িয়া ও নেছারাবাদ উপজেলায় ১৫ দিনের মধ্যে বর্ধিত সভা করে সম্মেলনের তারিখ নির্ধারণের সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে মঠবাড়িয়ায় বর্ধিত সভা করা গেলেও নেছারাবাদে বর্ধিত সভা করা সম্ভব হয়নি। নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা কমিটির বর্ধিত সভায় অনুপস্থিত ছিলেন না। তাঁদের অসহযোগিতার কারণে বর্ধিত সভা করে সম্মেলনের তারিখ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক বর্ধিত সভার চিঠি না পাওয়ায় সভায় অংশ নিতে পারেননি।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নূর মোহাম্মদ হাওলাদারকে সভাপতি ও এস এম ফুয়াদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। ১৯৯৯ সালে নূর মোহাম্মদ হাওলাদারের মৃত্যুর পর জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবদুল হামিদ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ২০০০ সালে কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু নতুন করে কমিটি না করায় ওই কমিটিই দায়িত্ব পালন করে আসছে।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষ আছে। এক পক্ষের নেতৃত্বে আছেন সাবেক সাংসদ মো. শাহ আলম, উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুল হামিদ ও সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম। তাঁরা পিরোজপুর-১ আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের অনুসারী। আরেক পক্ষের নেতৃত্বে আছেন জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ শহীদ উল আহসান, স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. গোলাম কবির, সাধারণ সম্পাদক ফারুক হোসেন। তাঁরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ এ কে এম এ আউয়ালের অনুসারী।
বর্তমান উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক আউয়ালের অনুসারী না হওয়ায় তাঁরা সম্মেলন করতে অনীহা দেখাচ্ছেন। সম্মেলনের মাধ্যমে কমিটি হলে শ ম রেজাউল করিমের অনুসারীদের সঙ্গে আউয়ালের অনুসারীদের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে। আউয়ালের অনুসারীরা চান দ্রুত সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি।
স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কবির বলেন, ‘আমরা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করতে চাচ্ছি। কিন্তু বর্তমান কমিটির নেতারা পদ আঁকড়ে থাকার জন্য বর্ধিত সভায় সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ার ভয়ে সভা ডাকছেন না।’
সম্মেলনের বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুল হামিদ বলেন, ‘আমরা কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি। এ বিষয়ে তো আর কথা বলার কিছু নেই।’
জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল বলেন, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করে মে মাসের মধ্যে সম্মেলন করা হবে।