২২ বছর বছর পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ আছিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজের দীর্ঘ ২২ বছর পর ভাইয়ের কাছে ফিরলেন আছিয়া খাতুন। গতকাল সোমবার রাতে র‌্যাব-১১ নোয়াখালী কার্যালয়ে
ছবি: প্রথম আলো

১৪ বছর বয়সে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন আছিয়া খাতুন। এরপর থেকে তাঁকে নানা স্থানে খুঁজে ফিরেছেন আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ বড় ভাই শহীদ উল্যাহ। একপর্যায়ে তাঁকে খুঁজে পাওয়ার আশা একরকম ছেড়ে দেন স্বজনেরা। ২২ বছর পর হঠাৎ তাঁর খোঁজ মিলেছে। র‌্যাবের সহায়তায় পরিবারের কাছে ফিরেছেন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া গ্রামের আছিয়া।

গতকাল সোমবার রাতে জেলা শহরের সোনাপুর এলাকা থেকে র‌্যাব-১১–এর সিপিসি-৩–এর কোম্পানি কমান্ডার খন্দকার শামীম হোসেনের নেতৃত্বে র‌্যাবের সদস্যরা আছিয়াকে উদ্ধার করেন। পরে তাঁকে তাঁর ভাই শহীদ উল্যাহর হাতে তুলে দেন। র‌্যাব কার্যালয়ে এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে সুধারাম থানায় আইনি প্রক্রিয়া শেষে আছিয়াকে তাঁর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। ফারজানার বর্তমান বয়স ৩৬ বছর।

র‌্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘ ২২ বছর আগে সদর উপজেলার অশ্বদিয়া এলাকার বাড়ি থেকে নিখোঁজ হন আছিয়া। এরপর দীর্ঘ সময়ে ধরে পরিবারের সদস্যরা নানাভাবে খোঁজ করেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। সপ্তাহখানেক আগে একটি অপরিচিত মাইক্রোবাসযোগে কয়েক ব্যক্তি আছিয়াকে নিয়ে সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় আসেন। তাঁরা লোকজনকে জিজ্ঞেস করেন—এই মেয়েটি কোন বাড়ির, কেউ চেনেন কি না।

র‌্যাবের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, অপরিচিত লোকজন আছিয়াকে সোনাপুর এলাকায় নিয়ে এসেছে বলে তথ্য পাওয়ার পর শহীদ উল্যাহ গত শনিবার (২ এপ্রিল) সুধারাম থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এরপর র‌্যাব অনুসন্ধান চালিয়ে ওই ব্যক্তিদের মুঠোফোন নম্বর ট্রেকিং করে তাঁদের অবস্থান সম্পর্কে শনাক্ত হন। পরে ট্রেকিংয়ের মাধ্যমে সোমবার রাতে সোনাপুর জিরো পয়েন্ট থেকে রাত সাড়ে ১০টার দিকে আছিয়াকে উদ্ধার করেন।

উদ্ধারের পর আছিয়া খাতুন বলেন, হারিয়ে যাওয়ার পর তিনি তাঁর বাড়িতে যাওয়ার পথ ভুলে গিয়েছেন। যার কারণে অনেক চেষ্টা করেও পরিবারের সন্ধান পাননি। পরবর্তী সময়ে তিনি এক ব্যক্তির মাধ্যমে রাজশাহী, চট্টগ্রাম ও নোয়াখালীতে গৃহপরিচারিকার কাজ করেন। তিনি যাঁদের তত্ত্বাবধানে থাকতেন, তাঁদের অনেক অনুরোধের পর পরিবারের খোঁজে বের হন। এখন আত্মীয়স্বজন ও পরিবারকে ফিরে পেয়ে তাঁর খুব আনন্দ হচ্ছে।

শহীদ উল্যাহ প্রথম আলোকে বলেন, তাঁরা দুই বোন, দুই ভাই ছিলেন। হারিয়ে যাওয়া বোনকে ছোট রেখেই বাবা-মা মারা যান। এরপর বড় বোনটিও মারা গেছেন। ছোট বোনটি নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেছেন। একপর্যায়ে জেনেছেন সোনাপুর এলাকার বেলাল নামের এক ব্যক্তি তাঁদের এক আত্মীয়ের বাসায় কাজে দেন। কিন্তু তাঁরা জিজ্ঞেস করলে কখনো স্বীকার করেননি। উল্টোপাল্টা কথা শোনাতেন।

সোমবার র‌্যাবের সহায়তায় বোনকে ফিরে পাওয়ায় এখন খুব আনন্দ লাগছে জানিয়ে শহীদ উল্যাহ বলেন, ‘এত দিন পর বোনকে খুঁজে পেয়েছি, এর চেয়ে আনন্দের কী হতে পারে!’ তিনি তাঁর বোনকে উদ্ধারে সহায়তা করায় র‌্যাব ও প্রশাসনকে ধন্যবাদ জানান।