২২ মণ ওজনের ষাঁড় নিয়ে বিপাকে খামারি
কালো রঙের সুঠাম দেহের ষাঁড়টির ওজন ২২ মণ। লম্বায় ১২ ফুট আর ৫ ফুট উচ্চতার ভারতীয় শাহীওয়াল জাতের এই ষাঁড় দেখতেও বেশ আকর্ষণীয়। নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের খামারি হেমায়েত হোসেন আড়াই বছর ধরে এই ষাঁড় লালন-পালন করেছেন। উদ্দেশ্য ছিল, কোরবানিতে ষাঁড়টি বিক্রি করবেন। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করতে পারেননি হেমায়েত। অনেক যত্নে পালন করা ষাঁড়টিই এখন যেন তাঁর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
ষাঁড়টির জন্য প্রতিদিন প্রায় ৫০০ টাকার খাবার লাগে বলে জানান খামারি হেমায়েত। তিনি বলেন, ষাঁড়টির পেছনে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ২৩ হাজার টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়েই তিনি ষাঁড়টি পালন করেছেন বলে দাবি করেন।
এবারের ঈদে ষাঁড়টি বিক্রির জন্য খুব চেষ্টা করেছেন। অনলাইন পশুর হাটেও ছবি দিয়েছিলেন। তবে তেমন কোনো সাড়া মেলেনি সেখানে। শেষ চেষ্টা হিসেবে ঈদের আগের দিন ফরিদপুর শহরের হাটেও তুলেছিলেন ষাঁড়টিকে। সেখানে সর্বোচ্চ দাম উঠেছিল ৩ লাখ ২০ হাজার টাকা। কিন্তু পরে ওই দাম হাঁকানো ক্রেতাকে আর খুঁজে পাননি হেমায়েত। ওই ক্রেতাকে পেলে সেই দামেই গরুটি ছেড়ে দিতেন বলে জানান তিনি।
শাহীওয়াল জাতের এই ষাঁড় দিয়েই হেমায়েতের খামার শুরু। লোহাগড়ার রামকান্তপুর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে আড়াই বছর আগে ছয় মাস বয়সী বাছুর কিনেছিলেন তিনি। এই আড়াই বছরে ষাঁড়টির ওজন হয়েছে ২২ মণ। এ পর্যন্ত খামারের পাঁচটি ষাঁড় বিক্রি করেছেন হেমায়েত।
এবারের ঈদেও তিনি আড়াই লাখ টাকায় দুটি ষাঁড় বিক্রি করেছেন। অন্য গরুগুলো বিক্রি করে যে লাভ হয়েছে, তা বড় গরুটির পেছনে খরচ হয়ে গেছে বলে জানান হেমায়েত। পরবর্তী কোরবানি ঈদ পর্যন্ত গরুটি রাখলে আরও দেড় লাখ টাকার বেশি খরচ হবে। এতে আরও লোকসানের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছেন তিনি। দিশেহারা অবস্থায় হেমায়েত বলেন, ‘আর পারছি না। এখন দাম তিন লাখ টাকা পেলেও ছেড়ে দেব। যদিও ১ লাখ ২৩ হাজার টাকার মতো লোকসান হবে। তারপরও মাথা থেকে বোঝা নামবে।’
লোহাগড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জিন্নুরাইন প্রথম আলোকে জানান, গরু বিক্রির জন্য উপজেলা ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে অনলাইন পশুর হাট করা হয়েছিল। এটি জাতীয় অনলাইন পশুর হাটের সঙ্গেও ট্যাগ (যুক্ত) করা হয়েছে। এতে সারা দেশ থেকে দেখা যায়।
খামারি হেমায়েতের গরুটি সম্পর্কে মো. জিন্নুরাইন বলেন, ‘এ ধরনের বড় গরু কোরবানি ঈদেই বিক্রি হয়। বিধিনিষেধের কারণে আগে থেকে গরু ঢাকায় নিতে পারেননি ওই খামারি। এখন মাংস হিসেবে বিক্রি করতে গেলে লোকসান হবে। তবে ওই গরুটি আরও বড় হবে। কিন্তু সামনের বছর পরিস্থিতি কী হবে, তা অনিশ্চিত।’