২২টি গরু নিয়ে ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ-নাটোর মহাসড়ক থেকে গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। ট্রাকে ২২টি গরু ছিল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ও নাটোরের গুরুদাসপুর উপজেলার সীমানার ১০নং সেতু এলাকায় এ ঘটনা ঘটে। মামলা করত গেলে ঘটনাস্থলের সীমানা নিয়ে জটিলতা দেখা দেয়। পরে আজ শুক্রবার বিকেলে গুরুদাসপুর থানা মামলা নেয়।

ট্রাক মালিক নওশাদ আলী জানান, গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকে করে ২২টি গরু নিয়ে কুমিল্লায় যাচ্ছিলেন। ট্রাকটি নাটোরের গুরুদাসপুর উপজেলার কাঁচিকাটা টোলপ্লাজার পর আড়াই কিলোমিটার গেলে ১০নং সেতু এলাকায় একটি মাইক্রোবাস এসে ট্রাকটির গতিরোধ করে। এ সময় মহাসড়কের ওই স্থানটি ছিল ফাঁকা। এরপর সশস্ত্র ডাকাত দল ট্রাকের চালক, সহকারী ও দুজন গরু ব্যবসায়ীকে হাত-চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ডাকাতেরা তাদের কাছ থেকে মোবাইল, টাকা সব নিয়ে রাস্তার বিভিন্ন স্থানে নামিয়ে গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরের দিন গতকাল বৃহস্পতিবার বিকেলে ট্রাক চালক জিন্নত আলীকে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এবং সহকারী জালিম উদ্দিনকে সড়কের এক পাশ থেকে হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ উদ্ধার করে। আর দুই ব্যবসায়ী নিজেরাই হেঁটে হাটিকুমরুল এলাকায় এসে ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করেন। এ ঘটনায় দুই থানাতে গেলেও কোনো থানাই মামলা নিতে রাজি হয়নি। পরে আজ শুক্রবার মামলা নেয়।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান জানান, ঘটনাটি গুরুদাসপুর থানার ভেতরে বিধায় মামলা গ্রহণ করা হয়নি।

আর গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস গরু ও ট্রাক ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তাড়াশ থানার আওতায়, বিধায় তাড়াশে মামলা করার জন্য বলা হয়েছিল। পরে অবশ্য মামলাটি নেওয়া হয়েছে। ট্রাকে থাকা দুই ব্যবসায়ীর একজন মোস্তফা জামাল বাদী হয়ে এ থানায় মামলা করেন।