২৩ দিনেও সংজ্ঞা ফেরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় নির্যাতনের শিকার সেই স্কুলছাত্রীর সংজ্ঞা ২৩ দিনেও ফেরেনি। তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, গত ২৩ ডিসেম্বর রাতে নিজ শয়নকক্ষে ঢুকে মেয়েটিকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে মাথায় জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মেয়েটির চাচা ২৪ ডিসেম্বর কালাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

মেয়েটির ফুফা গতকাল ঢাকা থেকে মুঠোফোনে চিকিৎসকের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, মেয়েটি এখন হাত-পা নাড়ছে, চোখের পাতা মেলছে। তিন-চার দিনের মধ্যে তার সংজ্ঞা ফিরতে পারে।

থানা-পুলিশ সূত্র জানায়, ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ২৬ ডিসেম্বর রাতে বানদীঘি গ্রামের মাহবুর ওরফে মাহবুল (৪০) ও এজাবুল ইসলাম (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের আদালতে হাজির করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩১ ডিসেম্বরছত্রগ্রামথেকে মিলন সরকার (২৮) ও বানদীঘিগ্রাম থেকে রাশেদুল ইসলাম (৩০) নামের আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাঁদের রিমান্ড শেষে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালাই থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ বর্মণ গতকাল বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তিনি কাজ করে যাচ্ছেন। তবে মেয়েটি সুস্থ হয়ে কথা বলতে পারলে অপরাধীদের শনাক্ত করা দ্রুত সম্ভব হতো। মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন চেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

মেয়েটির ফুফা আরও বলেন, জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান ও মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবীব মেয়েটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দিয়েছেন। তাঁরা মেয়েটির চিকিৎসার খোঁজখবর রাখছেন।