২৪ ঘণ্টা চলাচল করছে ফেরি

এই নৌপথ দিয়ে ব্যক্তিগত ও জরুরি যানবাহনের সঙ্গে ছোট পণ্যবাহী যানবাহনও পারাপার করা হচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাজিরা-শিমুলিয়া নৌপথে ২৪ ঘণ্টা চলছে ফেরি। ব্যক্তিগত গাড়ির সঙ্গে পণ্যবাহী গাড়িও পারাপার করা হচ্ছে। গত সোমবার তোলা
ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর–মঙ্গল মাঝির ঘাট নৌপথে ২৪ ঘণ্টা ফেরি চলাচল করছে। ব্যক্তিগত ও জরুরি যানবাহনের সঙ্গে ছোট পণ্যবাহী যানবাহনও পারাপার করা হচ্ছে। পদ্মা সেতু এড়িয়ে এ নৌপথ দিয়ে স্থায়ীভাবে ফেরি চালানোর জন্য ঘাট সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথ দিয়ে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন ফেরি পারাপার হয়। ওই নৌপথে গত বছর ২০ জুলাই পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ছিদ্র হয়ে যায়। নদীতে তীব্র স্রোতের কারণে পিলারের সঙ্গে কয়েক দফা ধাক্কা লাগে ফেরির। এমন পরিস্থিতিতে গত বছর ১৮ আগস্ট থেকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তবে জরুরি সেবা নিশ্চিত করতে সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাট এলাকায় গত বছর ২৫ আগস্ট নতুন করে একটি ফেরিঘাট নির্মাণ করে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিটিএ। নাব্যতা সংকটের কারণে দীর্ঘদিন ওই পথে ফেরি চালু করা যায়নি। ৮ ডিসেম্বর থেকে ওই নৌপথে ফেরি কুঞ্জলতা চলাচল শুরু করে। ফেরিটি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলাচল করত। সম্প্রতি নৌপথে আরও চারটি ফেরি যোগ হয়েছে। এখন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুটি ছোট ফেরি ও বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত তিনটি রো রো ফেরি চলাচল করছে। পারাপার করা হচ্ছে ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, সরকারি গাড়ি, পণ্যবাহী ছোট গাড়ি, জরুরি সেবার গাড়িসহ অন্তত সাড়ে তিন শ গাড়ি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পরও ভারী যানবাহন পারাপারের জন্য ফেরি চালু থাকবে। তখন বাংলাবাজার ঘাটটি বন্ধ করে দিতে হবে। তাই জাজিরার সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটটি স্থায়ী ফেরিঘাট করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘাট সম্প্রসারণ করার জন্য সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটে রো রো ফেরি পন্টুন স্থাপন করা হয়েছে। আর ঘাটে গাড়ি পার্কিং করার জন্য টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাজিরার ইউএনও মো. আশ্রাফুজ্জামান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ফেরিঘাটটি চালু হওয়ার পর যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। যানজট নিরসনের জন্য সড়কের পাশে সরকারি জায়গায় গাড়ি পার্কিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের সহকারী পরিচালক সাহাদৎ হোসেন বলেন, ‘বাংলাবাজার ঘাট বন্ধ করে দেওয়া হবে। তখন সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটটিকে স্থায়ী ঘাট করা হবে। এ জন্য প্রস্তুতি চলছে। টার্মিনালসহ বিভিন্ন অবকাঠানো নির্মাণ করা হবে।’