২৪ ঘণ্টার মধ্যে নারী নির্যাতন মামলার অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

জামালপুর সদর উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় ১২ ঘণ্টার মধ্যে জড়িত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে। অল্প সময়ের মধ্যে সদর থানা-পুলিশের কোনো মামলার অভিযোগপত্র দেওয়ার ঘটনা এটাই প্রথম।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মঙ্গলবার সকালে আদালতে এ অভিযোগপত্র জমা দেন। আজ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মামলায় চার্জশিটভুক্ত আসামি জামালপুর সদর উপজেলার হরিপুর এলাকার রুবেল মিয়া (৩৮)। তিনি প্রথম বিয়ের বিষয়টি গোপন রেখে এ মামলার বাদী চায়না বেগমকে (৩১) বিয়ে করেন।

মামলার এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণা করে এবং প্রথম বিয়ের বিষয়টি গোপন করে পাঁচ মাস আগে রুবেল মিয়া জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার চায়না বেগমকে বিয়ে করেন। বিয়ের সময় চায়না বেগমের পরিবার নগদ টাকা ও বিভিন্ন আসবাব উপহার হিসেবে দেয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই রুবেল মিয়া দুই লাখ টাকার জন্য চায়নার ওপর শারীরিক নির্যাতন শুরু করেন। টাকা না দিলে তাঁকে তালাক দেওয়ার হুমকিও দেন।

গত রোববার রাতে ওই টাকার জন্য চায়নাকে মারধর করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজন চায়নাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরদিন গত সোমবার রাতে ওই নারী বাদী হয়ে সদর থাকায় মামলা করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করে।

মামলার বাদী চায়না বেগম বলেন, এত অল্প সময়ের মধ্যে আসামি ধরা এবং এক দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দেওয়ার বিষয়টি তাঁকে অবাক করেছে। মামলার বিষয়ে ভোগান্তি পোহাতে হলো না। এতে তিনি খুশি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ওই নারী অভিযোগ দেওয়ার পর ঘটনার সত্যতা পাওয়ায় তা মামলা আকারে নেওয়া হয়। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অভিযোগ স্বীকার করেন। পরে আদালতেও জবানবন্দি দেন। ২৪ ঘণ্টার মধ্যে আদালতে ওই মামলার অভিযোগপত্রও জমা দেওয়া হয়েছে।