২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন রংপুর বিভাগ
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে বিভাগে নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৪ হাজার ৯৭১। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৫৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে রংপুরে ১, পঞ্চগড়ে ৩, নীলফামারীতে ৪, ঠাকুরগাঁওয়ে ৭ ও দিনাজপুরে ২ জন আছেন। এদিকে গত এক দিনে বিভাগে নতুন করে ২৬০ জন সুস্থ হয়েছেন।
এদিকে এখন পর্যন্ত বিভাগে করোনায় ১ হাজার ২৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩২৫ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ২৯৩, ঠাকুরগাঁওয়ে ২৫০, পঞ্চগড়ে ৮০, নীলফামারীতে ৮৮, লালমনিরহাটে ৬৭, কুড়িগ্রামে ৬৮ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা শনাক্তের হার দিন দিন কমে আসছে। এটি ভালো খবর। তবে এখনো করোনা প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।