২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১২ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১২ জন মারা গেছেন। এ সময়ে নতুন করে ২৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৭৮৯ জন। আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে গতকাল সোমবার বিভাগে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ১ হাজার ৯৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ১০। আগের ২৪ ঘণ্টার চেয়ে ৩৫১টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৯৪১। মৃত্যুর হার ২ দশমিক ৭৪। করোনায় মারা যাওয়া সর্বশেষ ১২ জনের মধ্যে যশোর ও ঝিনাইদহের ৩ জন করে; খুলনা ও কুষ্টিয়ার ২ জন করে এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ১ জন করে রয়েছেন।
৪ লাখ ৬১ হাজার ৯৯২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ২২০ জনের। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৬ হাজার ৮৩৩ জনের করোনা হয়েছে।
নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনার বাসিন্দা আছেন ৭০ জন। এ ছাড়া কুষ্টিয়ার ৪৭ জন, ঝিনাইদহের ৩৫, যশোরের ২৯, বাগেরহাটের ২২, মাগুরার ২০, সাতক্ষীরার ১৮, মেহেরপুরের ১৭, নড়াইলের ১৪ ও চুয়াডাঙ্গার ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৭২১ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৪১।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমছে। মঙ্গলবার বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী ১০ হাজার ৫৫৮ জন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬২৬ জন। বাকি ৯ হাজার ৯৩২ জন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।