২৪ ঘণ্টায় চাঁদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় মেহেদী হাসান (২৮) এবং গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় জহিরুল ইসলাম (৫৫) মারা যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি শহরের কোর্ট স্টেশনে যাওয়ার পথে শহরের ওয়্যারলেস এলাকায় রেলক্রসিংয়ের ওপর মোটরসাইকেলে থাকা মেহেদী হাসানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর লাশ বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহত মেহেদী হাসান চাঁদপুর পৌরসভার শেখের হাটের বাচ্চু শেখের ছেলে। এ সময় তাঁর সঙ্গে থাকা সহপাঠী মোহাম্মদ রাজন খান (৩০) গুরুতর আহত হন। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ দিকে গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর-লাকসাম রেলসড়কের এনায়েতপুরে জহিরুল ইসলামকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। লাশ দুটি ময়নাতদন্তের পর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চাঁদপুর রেলস্টেশনের মাস্টার শোহাইবুল শিকদার বলেন, আজ শনিবার যেখানে মেহেদী হাসান দুর্ঘটনার শিকার হন, সেই রেলক্রসিং রেলওয়ে অনুমোদিত নয়। তবে দুটি ঘটনারই তদন্ত করা হবে।