২৪ ঘণ্টায় রংপুর বিভাগে নেই নতুন করোনা রোগী
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে সবার ফল নেগেটিভ আসে। আজ রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫১ জন। এদিকে গতকাল বিভাগের ৮ জেলায় ১২০ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ৫। এই সময়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে আজ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৮৩ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৪০ জন মারা যান। এ ছাড়া রংপুরে ৩০০ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৯, পঞ্চগড়ে ৮৪, নীলফামারীতে ৯২, লালমনিরহাটে ৭৪, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬৪ হাজার ১০৭।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনায় নতুন করে কেউ শনাক্ত না হলেও সবাইকে সচেতন থাকতে হবে। সবাইকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।