২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি পদ্মায় নিখোঁজ জেলের
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ট্রলারের সংঘর্ষে নিখোঁজ জেলের সন্ধান মেলেনি। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ রফিক খান (২৮) উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিহরদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ইঞ্জিনচালিত ট্রলারে নদীতে মাছ ধরতেন।
উপজেলা ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও নৌপুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকালে রফিক খানসহ দুই জেলে ট্রলার নিয়ে দাসকান্দি বয়ড়া এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান। সকাল ১০টার দিকে নদীর ভাটি থেকে উজানের দিকে যাওয়ায় সময় বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে মাছ ধরার ট্রলারটির সংঘর্ষ হলে দুই জেলে পানিতে পড়ে যান। এ সময় অপর জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও রফিক পানিতে ডুবে যান। এ ঘটনার পর গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং ফরিদপুর কোতোয়ালী নৌ ফাঁড়ির পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালান। তবে নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ফরিদপুর কোতোয়ালী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাল্কহেড ও ট্রলারের সংঘর্ষে এক জেলে এখনো নিখোঁজ। এ ঘটনায় হরিরামপুর থানায় মামলা হয়েছে। বাল্কহেডটি জব্দ করার পাশাপাশি এর সুকানিকে গ্রেপ্তার করা হয়েছে।
হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা মো. মাহফুজাল ইসলাম বলেন, আজ রোববারও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তির খোঁজে উদ্ধার অভিযান চালাবে।