২৪ দিন পর বাড়িতে শাহাদাত, নিরাপত্তা সংশয়ে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের বাড়িতে ঢুকছে শাহাদাত হোসেন (সবুজ জামা)। গতকাল দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জের গোপালচরণ গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো
নিজের বাড়িতে ঢুকছে শাহাদাত হোসেন (সবুজ জামা)। গতকাল দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জের গোপালচরণ গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো

২৪ দিন চিকিৎসা নেওয়ার পর গতকাল সোমবার দুপুরে নিজের বাড়িতে ফিরেছে গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ মন্‌জুরুল ইসলাম লিটনের গুলিতে আহত শিশু শাহাদাত হোসেন সৌরভ (৯)। রংপুরে হাসপাতাল থেকে সুন্দরগঞ্জের গোপালচরণ গ্রাম পর্যন্ত সৌরভকে বহনকারী অ্যাম্বুলেন্সের পেছনে ছিল পুলিশের গাড়ি।

বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মা-বাবার সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেয় শাহাদাত। এ সময় উপস্থিত সাংবাদিকদের শাহাদাত বলে, ‘হামার এমপি যাতে আর কোনো ঘটনা ঘটপার না পারে, সে জন্য আপনেরা হামার খোঁজ নেবেন।’
শাহাদাতের মা সেলিনা বেগম বলেন, ‘অনেক দিন পর বাড়ি যাচ্ছি। তাই খুব ভালো লাগছে।’ তবে বাড়িতে কতটা নিরাপদে 
থাকবেন, এ নিয়ে তাঁরা একটু চিন্তিত। বাবা সাজু মিয়ার মুখেও ছিল হাসি। ছেলেকে তিনি ফুটবল ও খেলনা গাড়ি কিনে দিয়েছেন।
এর আগে হাসপাতালের পরিচালকের কক্ষে সংবাদ সম্মেলনে পরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, শাহাদাত এখন পুরোপুরি সুস্থ। তার চিকিৎসার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় সব সময় খোঁজ নিয়েছে। বাড়ি যাওয়ার পরও প্রতি সপ্তাহে অথবা ১৫ দিনে একবার তাকে দেখবেন চিকিৎসকেরা।

শাহাদাতের চিকিৎসক বাবলু কুমার সাহা বলেন, শাহাদাত এখন হাঁটতে পারে। আশা করা যায়, দুই থেকে তিন মাসের মধ্যে সে আগের মতো দৌড়ঝাঁপ দিতে পারবে। তার পেশিতে গুলির ক্ষত ধীরে ধীরে সেরে যাবে। নিয়মিত ব্যায়াম করতে হবে।

বেলা ২টা ২০ মিনিটে পুলিশের নিরাপত্তায় শাহাদাতকে বহনকারী অ্যাম্বুলেন্স সুন্দরগঞ্জের গোপালচরণ গ্রামে পৌঁছায়। তার ফিরে আসার খবর শুনে গ্রামের শত শত মানুষ তাদের বাড়িতে ভিড় জমাতে থাকে।

উপস্থিত লোকজন তার অবস্থা জানতে চাইলে শাহাদাত জানায়, সে অনেকটা ভালো। তবে হাঁটতে ও বসতে বাঁ পায়ে ব্যথা লাগে, কষ্ট হয়। এখনো স্বাভাবিকভাবে দুই পায়ে ভর দিয়ে হাঁটতে পারছে না। ভয় লাগে, যদি পড়ে গিয়ে আঘাত পায়।

এ সময় শাহাদাতের বাবা সাজু মিয়া বলেন, ‘২৪ দিন পরিবার নিয়ে হাসপাতালে ছিলাম। ধারদেনা করে ছেলের চিকিৎসা করেছি। ঘটনার দিন থেকে বাড়ি ফেরা পর্যন্ত চিকিৎসার জন্য ব্যয় হয়েছে ৫৩ হাজার টাকা।’ তিনি আরও বলেন, ‘হাসপাতালে নিরাপদেই ছিলাম। এমপি প্রভাবশালী লোক। তাঁর অনেক লোকজন আছে। তাই বাড়িতে এসে ভয় লাগছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, আমার পরিবারের যেন নিরাপত্তা দেওয়া হয়।’

সৌরভের দাদা তজর আলী বলেন, ‘এমপিরা ভোটোত উটচে মানসের ভালো করার জন্নে। আর হামারঘরে এমপি ছোল পোলোক গুলি করে। ছোলটে বাড়িত আচচে, ভালো হচে। একন হামরা গুলি করার বিচার চাই।’

২ অক্টোবর সকালে সুন্দরগঞ্জের গোপালচরণ গ্রামে বাড়ির পাশের সড়কে চাচার সঙ্গে হাঁটতে বেরিয়েছিল স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত। এ সময় সাংসদ মন্‌জুরুল ইসলাম গুলি ছুড়লে শিশুটির বাঁ পায়ে একটি ও ডান পায়ে দুটি গুলি লাগে। এ ঘটনায় পরদিন রাতে শাহাদাতের বাবা সাজু মিয়া হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে সাংসদ মন্‌জুরুলের বিরুদ্ধে মামলা করেন। ১৪ অক্টোবর রাতে ঢাকা থেকে সাংসদকে গ্রেপ্তার করা হয়। এরপর সাংসদের পক্ষে দুই দফায় জামিন আবেদন করা হয়। কিন্তু আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন।