২৫ ঘণ্টা পর নোয়াখালীতে চিকিৎসক-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার
নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ প্রায় ২৫ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন। আজ সোমবার দুপুরে প্রথমে হাসপাতালে তত্ত্বাবধায়কের কার্যালয়ে, পরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সংগঠনের নেতাদের বৈঠক শেষে বেলা তিনটায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বিকেল সাড়ে চারটার দিকে প্রথম আলোকে বলেন, দুপুরে দুই দফায় হাসপাতালে এবং তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে হাসপাতালের তত্ত্বাবধায়কের ওপর হামলাসহ সেখানকার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়ার পর চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সংগঠনের নেতারা তাঁদের কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে নেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মো. হেলাল উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা। একই সময় তাঁরা জেলা আওয়ামী লীগের নেতা শিহাব উদ্দিন শাহীনের কুশপুত্তলিকা দাহ করেন।
মেডিকেল সার্জিক্যাল রিকোয়ারমেন্টস (এমএসআর) দরপত্রের শিডিউল ফরম পেতে বিলম্ব হওয়ার অজুহাতে গতকাল রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীনের নেতৃত্বে তাঁর অনুসারীরা নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হেলাল উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। হামলাকারীরা এ সময় হাসপাতালের কয়েকজন কর্মচারীকে শারীরিকভাবে নাজেহাল করেন এবং নোটিশ বোর্ড ও প্রধান ফটক ভাঙচুর করেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল বেলা দুইটা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারীরা।
দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা। একই সময় তাঁরা জেলা আওয়ামী লীগের নেতা শিহাব উদ্দিন শাহীনের কুশপুত্তলিকা দাহ করেন।
তবে শিহাব উদ্দিন শাহীন গতকাল প্রথম আলোকে বলেছিলেন, এমএসআর দরপত্রের শিডিউল কিনতে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে গিয়েছিলেন তিনি। চালানের কপি দিয়ে শিডিউল নিতে চাইলে তত্ত্বাবধায়ক বলেন, ‘শিডিউল নাই। শেষ হয়ে গেছে। আগেরগুলো আছে, নতুনগুলো তৈরি হয়নি, দিচ্ছি।’ তবে স্টাফরা বলেন, দেওয়া যাবে না। শিডিউলের কপির জন্য দীর্ঘ প্রায় দুই ঘণ্টা তাঁকে সেখানে বসিয়ে রাখা হয়। এরই মধ্যে তৃতীয় একটি পক্ষ ‘সিনক্রিয়েট’ করার জন্য তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। তিনি তাঁদের চেনেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকালের ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), নার্সিং অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন এবং হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান নেন। বেলা ১১টায় তাঁরা হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
জেলা বিএমএর সভাপতি চিকিৎসক এম এ নোমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ফজলে এলাহী খান, আবদুল মালেক উকিল, মেডিকেল কলেজশিক্ষক সমিতির সাবেক সভাপতি আবু নাছের, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হোসেন, জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম, কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি জহির মোল্লা, স্বাধীনতা সমন্বয় পরিষদের সভাপতি আলী জুয়েল, নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লা আল-ফারুক ছাড়াও ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
বক্তৃতায় স্বাচিপ জেলা শাখার সভাপতি ফজলে এলাহী খান বলেন, কিছুসংখ্যক কুলাঙ্গারের কারণে নোয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে। কিছুদিন আগে বেগমগঞ্জের চৌমুহনীতে হিন্দুদের মন্দির, পূজামণ্ডপে হামলা হয়েছে। তার আগে একই উপজেলায় নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সারা দেশে জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এবার জেলা আওয়ামী লীগের একজন নেতার প্রত্যক্ষ নেতৃত্বে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। এই হামলার ঘটনায় সারা দেশের চিকিৎসক সমাজ স্তম্ভিত।
আজ বিকেল পৌনে পাঁচটার দিকে ফজলে এলাহী খান প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে আওয়ামী লীগ নেতা শিহাব উদ্দিন শাহীন উপস্থিত ছিলেন। তিনি আগের দিনের ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে মানববন্ধন ও সমাবেশে শেষে বিএমএ ও স্বাচিপ নেতা-কর্মীদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে সুধারাম থানার সামনে মাইজদী-চৌমুহনী প্রধান সড়কে অবস্থান নেয়। প্রায় ১৫ মিনিট বিক্ষোভকারীরা সড়কে অবস্থানকালে আওয়ামী লীগ নেতা শিহাব উদ্দিন শাহীনের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এদিকে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে সময়মতো যথাযথ চিকিৎসাসেবা না পেয়ে দুজন রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল আঙিনায় লোকজনকে বলাবলি করতে শোনা গেছে। এ বিষয়ে জানার জন্য আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিমকে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। তবে একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যে দুজন মারা গেছেন, তাঁদের অবস্থা এমনিতেই খারাপ ছিল।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের ওপর হামলার ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।