২৫১টি পদের মধ্যে ১১৩টিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর হাসপাতালে চিকিৎসক-কর্মচারীস্বল্পতার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের ২৫১টি কর্মকর্তা-কর্মচারীর পদের মধ্যে ১১৩টিই শূন্য।
হাসপাতালে প্রতিদিন গড়ে এক হাজার ২০০ রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবা নেয় এবং অন্তর্বিভাগে গড়ে ৩০০ থেকে ৩২০ জন রোগী ভর্তি থাকে। চিকিৎসা কর্মকর্তার ৫৮টি পদের মধ্যে তত্ত্বাবধায়ক ও সহকারী তত্ত্বাবধায়কের পদসহ ২৩ জনের পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। ৮১টি প্রশাসনিক কর্মকর্তার পদের মধ্যে সেবা তত্ত্বাবধায়কসহ ২৫টি পদ শূন্য রয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়কের পদ শূন্য থাকায় এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন জেলা সিভিল সার্জন। এ ছাড়া হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারীর ৩৯টি পদের মধ্যে ১৯টি শূন্য রয়েছে। চতুর্থ শ্রেণির ৭৩ জন কর্মচারী থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ২৭ জন।
খোঁজ নিয়ে দেখা গেছে জরুরি বিভাগে চিকিৎসা কর্মকর্তার (্ইএমও) সাতটি পদের মধ্যে ছয়টি পদই শূন্য। এ ছাড়া অবেদনবিদের তিনটি পদ থাকলেও একজন মাত্র কর্মরত আছেন। বিভিন্ন বিভাগের কনসালটেন্ট চিকিৎসকের পদও শূন্য।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, চিকিৎসা কর্মকর্তা ও কর্মচারীসল্পতা সত্ত্বেও সবার আন্তরিক প্রচেষ্টায় হাসপাতাল চলছে। সমস্যা হলেও মেনে নেওয়া ছাড়া উপায় নেই। নার্সিং সুপারভাইজার গীতা বিশ্বাস বলেন, সেবিকাসংকটের কারণে রোগী সামলাতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের। বাড়তি দায়িত্ব পালন করেও সামাল দেওয়া যাচ্ছে না।
ফেনী জেলার সিভিল সার্জন মো. জাকির হোসেন বলেন, সদর হাসপাতালে ২৩ জন চিকিৎসা কর্মকর্তাসহ বেশ কিছু পদ খালি রয়েছে। পদগুলো পূরণের জন্য ইতিপূর্বে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে জানানো হয়েছে।