২৬ বছর পর হরতালে শুনানিতে আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ বছর পর প্রথমবারের মতো চট্টগ্রামে হরতালে আদালতের কার্যক্রমে অংশ নিয়েছেন আইনজীবীরা। বিভিন্ন মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। বেশকিছু মামলার রায় ঘোষণা করেছেন বিচারকেরা। জামিন পেয়েছেন অনেক আসামি।
গতকাল বুধবার সকাল থেকেই আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে চট্টগ্রাম আদালত চত্বর। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে আদালতের কার্যক্রম।
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের সরকারি কৌঁসুলি আবিদ হোসেন প্রথম আলোকে জানান, মুখ্য মহানগর হাকিমসহ সাতটি হাকিম আদালতে গতকাল তিন হাজার জামিনের আবেদন পড়ে। শুনানি শেষে বিচারকেরা প্রায় ৫০০ আসামিকে জামিন দিয়েছেন। এ ছাড়া আটটি মাদক মামলায় রায় দিয়েছেন বিচারক।
১৯৮৯ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়, যে দলেরই হরতাল হোক ওই দিন আদালতের কার্যক্রমে অংশ নেবেন না আইনজীবীরা। ২৬ বছর ধরে এই সিদ্ধান্ত বহাল ছিল।
টানা হরতালে গত রোববার থেকে প্রথমবারের মতো বিচারকেরা এজলাসে বসতে শুরু করেন। কিন্তু এজলাসের বাইরে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ এবং বিচারকদের শুনানি না করতে অনুরোধ জানালে তাঁরা এজলাস ছেড়ে যান।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান জানান, ১০টি আলোচিত মামলায় গতকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে দুটি মামলার রায়, দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং একটি মামলায় সাক্ষ্য হয়েছে।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, মহানগর দায়রা জজ, অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং সহকারী জজ আদালতে গতকাল প্রায় ৫০০ মামলার শুনানি হয়েছে। দায়রা জজ আদালতে মিস মামলা হয়েছে ৩৬টি। সাক্ষ্য হয়েছে দুটি মামলার। জামিন পেয়েছেন ১১ আসামি।
টানা অবরোধে গত দুই মাসে বেশির ভাগ মামলায় সাক্ষী ও আসামিরা হাজির হতে পারেননি। এর মধ্যে প্রায় পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে টানা হরতাল কর্মসূচির কারণে বিচারপ্রক্রিয়া থমকে যায়। অবরোধ শুরু হওয়ার পর জাতীয় ও আঞ্চলিক মিলে ৩১ দিন হরতাল হয়েছে চট্টগ্রামে। এ অবস্থায় দুর্ভোগে পড়েন বিচারপ্রার্থীরা। টানা হরতালে আদালতের কার্যক্রমে অংশ নেওয়া নিয়ে আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা বিভক্ত হয়ে পড়েন। পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। সর্বশেষ গত মঙ্গলবার বারের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে মতবিনিময় সভা করে সমিতি। সভায় সবাই একমত হন, যে দলেরই হরতাল হোক বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুনানিতে অংশ নেবেন আইনজীবীরা।
সরকারি কৌঁসুলি আবুল হাশেম জানান, জেলা ও দায়রা জজ আদালতে গতকাল শুনানি হয়েছে ১০০ মামলার। তবে কোনো মামলার সাক্ষ্য হয়নি। ৫০টি মামলায় জামিনের আবদেন করা হয়েছে। জামিন পেয়েছেন ১৫ জন। মিস মামলা হয়েছে ৩০টি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, হরতালে আদালতের কার্যক্রম শুরু হওয়ায় গতকাল কারাগার থেকে ২০০ আসামিকে হাজিরার জন্য মহানগর হাজতখানায় নেওয়া হয়। জেলা কোর্ট পরিদর্শক উনু মং জানান, জেলা হাজতখানায় হাজিরার জন্য ১৫০ জন আসামিকে আনা হয়।
বিভিন্ন আইনজীবীর চেম্বারে গতকাল বিকেল থেকে জামিননামা প্রস্তুত করে তা কারাগারে পাঠানোর জন্য আসামিদের স্বজন ও আইনজীবীর সহকারীদের ব্যস্ত থাকতে দেখা যায়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মনির হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আদালতের কার্যক্রম শুরু হওয়ায় অনেক আসামি জামিন পেয়েছেন শুনেছি। তবে জামিননামা প্রস্তুত হয়ে কারাগারে আসতে সময় লাগে। প্রতিদিন বিকেল পাঁচটায় কারাগারে বন্দিদের তালাবদ্ধ (লকআপ) করে রাখা হয়। জামিননামা পাওয়ার পর বন্দিদের মুক্তি দেওয়া শুরু হবে।’ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গতকাল বিকেল পর্যন্ত ৬ হাজার ৬৯২ জন বন্দী রয়েছেন।