২৭ বছর পর মা-মেয়ে

মাত্র সাত বছর বয়সে ঢাকায় নিখোঁজ হন। এরপর কেটে গেছে ২৭ বছর। তত দিনে গ্রাম-ঠিকানা সব ভুলে গেছেন। তবু তাঁর মনে পড়ে গ্রামের বাড়ির কথা। হতদরিদ্র বাবা-মা ও ভাইবোনদের মুখ। তাঁদের দেখতে খুব ইচ্ছে করে। তখন নিজেকে খুব অসহায় লাগে তাঁর। স্মৃতি হাতড়ে মনে পড়ে একটি নাম। নাটোর। এইটুকু ভরসা করে গত বুধবার চলে আসেন নাটোর শহরে। ইতস্তত ঘুরে বেড়ান। একপর্যায়ে পৌঁছান ভাটোদারা কালীমন্দিরের কাছে। আর তখনই আচমকা মনে পড়ে, তাঁর মেজ বোন সাজেদার শ্বশুরবাড়ি তো এখানেই কোথাও ছিল। জনে জনে জিজ্ঞেস করেন। একসময় বাড়িটা খুঁজে পান। কিন্তু সাজেদা তাঁকে চিনতে পারেন না। তখন তিনি বলেন, ‘গায়ের রং কালো বলে ছোটবেলায় বাবা তাঁকে আদর করে ‘কালী মা’ বলে ডাকতেন। তাঁর বড় বোনের নাম কুলসুম। আর কিছু বলতে হয়নি, সাজেদার স্মৃতিতে তখন জ্বল জ্বল করে ওঠে কবেকার হারিয়ে যাওয়া ছোট্ট সেই বোনের মুখ। এই তবে তাঁর ছোট বোন মনোয়ারা খাতুন! দুজন পরস্পরকে জড়িয়ে ধরেন। দুজনের চোখ থেকে অঝোরে ঝরতে থাকে অশ্রু। এ বড় আনন্দের।
মনোয়ারা গত শুক্রবার প্রথম আলোকে বলেন এসব কথা। তাঁর বাবার বাড়ি নাটোর সদর উপজেলার রায় আমহাটি গ্রামে। মেজ বোন সাজেদা মা, বোন ও ভাইদের ডেকে পাঠান। তাঁরা এসে মনোয়ারাকে চিনতে পারেন। আরেক দফা ঝরে আনন্দাশ্রু। বড় ভাই খলিল গাজী তাঁকে সঙ্গে করে রায় আমহাটি গ্রামে নিয়ে আসেন।
পৈতৃক বাড়িতে মাকে জড়িয়ে ধরে মনোয়ারা আরও বলেন, ‘মা ও ভাইবোনদের খুঁজে পাওয়ার খবর দিছি আমার স্বামী ও সন্তানদের। ওরা দু-এক দিনের মধ্যেই চলে আসবে। এরপর মা ও ভাইবোনদের নিয়ে ঢাকায় যাব। এখন জীবনডা বদলায় গেছে!’ বাবার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে মনোয়ারা বলেন, ‘সবই পাইছি। কিন্তু আব্বার ‘কালী মা’ ডাকাটা পালাম না। এই ডাকটার অভাব আর মিটবে না।’
মনোয়ারা আরও বলেন, তখন তাঁর বয়স ছিল সাত বছরের মতো। অভাবের সংসার। ঢাকায় বাসাবাড়িতে কাজ করার জন্য স্থানীয় এক বৃদ্ধার হাতে তাঁকে তুলে দেন মা-বাবা। পুরান ঢাকার আলুবাজারের এক ব্যবসায়ীর বাড়িতে কাজও জুটেছিল। কিন্তু গৃহকর্ত্রী খুব নির্যাতন করতেন। কিছুদিনের মধ্যেই অতিষ্ঠ হয়ে ওঠেন। ওই বাসা থেকে পালিয়ে রাস্তায় নেমে পড়েন মনোয়ারা। পরে অন্য এক ব্যবসায়ী তাঁকে আশ্রয় দেন। ওই বাসায় কেটে যায় ১৬ বছর। তত দিনে শুধু ‘নাটোর’ শব্দটি ছাড়া আর কিছুই মনে করতে পারেন না তিনি। এ অবস্থায় বাসার মালিক তাঁর বিয়ে দেন। তাঁর স্বামীর নাম হারুন অর রশিদ। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তাঁদের দুই ছেলে আকাশ (১২) ও আয়ান (৬)। ছেলে দুটি নানা-নানিকে দেখার আবদার করেছে বহুবার। কিন্তু জেলার নাম ছাড়া আর কিছুই তিনি বলতে পারেননি। তাই স্বামীও সাহস করে তাঁকে নাটোরে নিয়ে আসেননি। এর মধ্যে মগবাজারে এক ভাড়া বাড়িতে চলে আসেন। সেখানে নাটোরের এক পোশাককর্মীর সঙ্গে তাঁর পরিচয় হয়। তিন বছর ধরে ওই কর্মী নাটোরের বিভিন্ন স্থানে মনোয়ারার মা-বাবার সন্ধান করে ব্যর্থ হন। অবশেষে তিনি ওই পোশাককর্মীর সঙ্গেই বুধবার ভোরে নাটোরে আসেন।
মনোয়ারার মা চন্দ্রবানু বলেন, ‘২৭ বছর পর আমার “কালী মা” ফিরা আইছে। এত দিন ভাবিছিনু আমার মাইয়াডা মরি গিছে। ওরে পায়া জানডা অনেক ঠান্ডা হয়ছে! এখন মরেও শান্তি পামো !’ তিনি বলেন, মনোয়ারার বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। ছয় ভাইবোনের মধ্যে মনোয়ারাকে বাবা বেশি স্নেহ করতেন। চন্দ্রবানু আরও বলেন, মনোয়ারার খোঁজে তাঁর বাবা বহুবার ঢাকায় গিয়েছেন। কিন্তু কোনো হদিস পাননি। প্রায় দেড় বছর আগে তিনি মারা গেছেন।
বড় বোন কুলসুম বেগম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি মনোয়ারাকে দেখতে এসেছেন। প্রথম দেখাতেই তিনি তাঁকে চিনতে পেরেছেন। তাঁর মতো আত্মীয়স্বজন ও আশপাশের গ্রামের শত শত মানুষ মনোয়ারাকে দেখতে এসেছে।