২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে সিলেট নগর বিএনপির পুনর্গঠন কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সভা গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত হয় নগরীর ভাতালিয়ার অস্থায়ী কার্যালয়ে
ছবি: প্রথম আলো

সিলেট মহানগর বিএনপির অধীন ২৭টি ওয়ার্ড কমিটি ছিল মেয়াদোত্তীর্ণ। সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রমের শুরুতে ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ সম্পর্কে মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী প্রথম আলোকে জানান, ২৭টি ওয়ার্ড কমিটি মেয়াদোত্তীর্ণ ছিল। সব কমিটি বিলুপ্ত করে স্বল্প সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। এরপর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নগরের নতুন আহ্বায়ক কমিটি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করার মধ্য দিয়ে সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে।

বিএনপি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি কাউন্সিলরদের সরাসরি ভোটে দুই বছর মেয়াদি মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল। মেয়াদ পেরোনোর প্রায় তিন বছর পর গত ২৯ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সিলেট মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পালন করা আবদুল কাইয়ুম জালালী আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা মিফতাহ্ সিদ্দিকী সদস্যসচিব মনোনীত হন। ৩৬ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়ক মনোনীত হন ১৩ জন। নতুন আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভায় সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রমে নেমে ওয়ার্ড কমিটি বিলুপ্ত করল।

আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরের আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালীর সভাপতিত্বে নগরীর ভাতালিয়ার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় সভায় যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী, রেজাউল হাসান কয়েস, জিয়াউল গনি, আরেফিন জিল্লুর, হাবিবুর রহমান, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদীপ রঞ্জন সেন, ইমদাদ হোসেন চৌধুরী, রোকসানা বেগম শাহনাজ, নজিবুর রহমান, নগর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন প্রমুখ বক্তব্য দেন।

আহ্বায়ক কমিটির সূত্রে জানা যায়, ২৭টি ওয়ার্ড কমিটি ২০১৮ সালে সিটি করপোরেশন নির্বাচনের পর ভেঙে ফেলা হয়েছিল। এরপর অধিকাংশ ওয়ার্ড শাখা ছিল কমিটিহীন। আহ্বায়ক কমিটির সভায় সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে মহানগরের ২৭টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাকে অভিনন্দিত করে বক্তারা নগর বিএনপি পুনর্গঠন কার্যক্রম দ্রুত করার পক্ষে একাত্মতা প্রকাশ করেন।